ইতোপূর্বে অনুষ্ঠিত হওয়া ইউপি (ইউনিয়ন পরিষদ) নির্বাচনের সহিংসতা, খুনোখুনি, প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ-হামলার মাত্রাতিরিক্ত ঘটনায় আওয়ামী লীগের তৃণমূলে ‘সতর্কবার্তা’ পাঠিয়েও সাড়া পাননি দলটির কেন্দ্রের নেতারা। তৃণমূলের দায়িত্বশীল নেতাদের সতর্ক থাকতে কেন্দ্র থেকে বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু সহিংসতা-খুনোখুনি এড়াতে কোনো তৎপরতা কাজে না আসায় আওয়ামী লীগের সিনিয়র নেতারা দুষছেন একশ্রেণির এমপিকে। এ কারণে ক্ষুব্ধ সিনিয়র নেতারা। সভাপতিম-লীর একাধিক সদস্য জানান, তৃণমূলে ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী করাকে কেন্দ্র করে ‘মনোনয়ন বাণিজ্য’ একমাত্র কারণ।
জানা গেছে, সম্প্রতি ধানমন্ডি দলীয় সভাপতির কার্যালয় থেকে পাঠানো টেলিফোন বার্তায় বলা হয়েছে, নৌকা প্রতীক পাওয়া প্রার্থীরা যাতে কোনোভাবেই বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সংঘাত-সংঘর্ষে না জড়ায়Ñ এ ব্যাপারে সতর্ক থাকতে হবে সংশ্লিষ্টদের। এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে যেন তাদের সহযোগিতা চাওয়া হয়। নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, স্থানীয় এমপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের নির্বাচনের দিন সজাগ ও সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্র থেকে। ভোট দেওয়ার পরে সংশ্লিষ্ট ইউনিয়নের কর্মী-সমর্থকদের সহিংসতা প্রতিরোধে কেন্দ্র মনিটরিংয়ের দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা ও জেলার দায়িত্বশীল নেতাদের। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সজাগ ও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ঘটবে এমন আশা করি না। তবু বাড়তি সতর্ক থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা পাঠানো হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে অতীতে যেসব সহিংসতা-নাশকতা ঘটেছে, এবার তার সিকি ভাগও হয়নি। সামনের ধাপে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এর পরিমাণ আরও কমে আসবে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন সাংগঠনিক সদস্য জানান, স্থানীয় এমপিরা নিজেদের পকেটে ভারি ও গোষ্ঠীপ্রীতির কারণে এই কর্মটি করছেন। এতে দলের ক্ষতি করেও তারা পছন্দের লোকদের সার্বিক সহায়তা করছেন। তাদের কারণেই তৃণমূলে সহিংসতা বাড়ছে। থানার পুলিশকে হাতে রাখতে সবধরনের শক্তি ব্যবহার করছেন তারা। সবরকম অনিয়মের নেপথ্যে রয়েছে তৃণমূলের একশ্রেণির নেতার দাম্ভিকতা। তারা দলের এমপির নাম ভাঙাচ্ছেন। আওয়ামী লীগের অপর একজন সম্পাদকম-লীর সদস্য জানানÑ আধিপত্য বিস্তার, দলীয় পদ-পদবি, ভূমি দখল, টেন্ডারবাজি, চাঁদার টাকা ভাগাভাগি ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ অভ্যস্তরীণ নানা কোন্দলে ক্ষতি হচ্ছে দলে। শুধু ইউপি নির্বাচন ঘিরেই দুই মাসে প্রায় ৪০ জনের প্রাণহানি ঘটেছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ভেতর যারা মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িত ও যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছে তাদের তালিকা করে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি গতকালও মির্জাপুরের পোস্টকামুরীতে জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যস্ত চার লেন সড়ক নির্মাণকাজের পরিদর্শনকালে তিনি এমন কথা বলেছেন। সম্প্রতি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য ও এমপি ইউপি নির্বাচনে পছন্দের প্রার্থী মনোনিত করার জন্য সংসদ ভবনের মিডিয়া সেন্টারে পর্যস্ত বৈঠক করেছেন।
বিএনপি, জাতীয় পার্টি, ওয়াকার্স পর্টি, সিপিবিসহ কয়েকটি দলের নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, এভাবে চলতে থাকলে দেশের দীর্ঘদিনের নির্বাচনি সংস্কৃতি একেবারে ধ্বংস হয়ে যাবে। এ জন্য তারা চান, বর্তমান নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করার পাশাপাশি সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন একটি নির্বাচন কমিশন গঠন করা। গুলি, বোমা, সংঘর্ষ, ব্যালট ছিনতাই, জাল ভোটের ঘটনা ঘটেছে এসব ঘটনায় এ পর্যস্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাতশ মানুষ। বর্তমানে তা আতঙ্ক ও এক শোকগাঁথায় পরিণত হয়েছে।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, মাঠের বিরোধী দল বিএনপিসহ বাম প্রগতিশীল ঘরানার রাজনৈতিক দলগুলো ইসির ভূমিকায় চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ। এমনকি শাসক দল আওয়ামী লীগসহ তাদের শরিকরাও এখন বিব্রত।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ৭৪৩টি ইউপিতে ভোট হবে হবে আগামী ৭ মে।























































