দুর্নীতির মামলার ৪১ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের মধ্যে ব্যবসায়ী ও ব্যাংকার রয়েছেন। ওইসব ব্যবসায়ী ও ব্যাংকার যাতে দেশত্যাগ করতে না পারেন, সেই জন্য সব বিমানবন্দর ও স্থল বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। তাদের সবার নাম স্থল ও বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কম্পিউটারে ছবি, পাসপোর্টের কপি ও নাম ঠিকানাসহ যাবতীয় তথ্য সংগ্রহ করে রাখা হয়েছে। এর পাশাপাশি গত এক সপ্তাহের অভিযানে অর্ধশত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র জানায়, সরকার দুর্নীতির মামলার যে কয়জন আসামির ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে রয়েছেনÑ ২২ ব্যবসায়ী ও ১৯ জন ব্যাংকার। ব্যবসায়ীরা ছাড়া ব্যাংকারদের সবাই বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক, বর্তমান ও বরখাস্ত হওয়া কর্মকর্তা। ওই ১৯ জনের মধ্যে কেউ কেউ বেসিক ব্যাংকের চাকরি ছেড়ে অন্য ব্যাংকে চাকরি করছেন। ব্যবসায়ীরা বেসিক ব্যাংক থেকে নানা জালিয়াতি করে ঋণ নিয়েছেন ও টাকা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা পরস্পর যোগসাজশের মাধ্যমে বেসিক ব্যাংকের ৪৬১ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনার অনুসন্ধান ও তদন্ত করে দুদক গুলশান, পল্টন ও মতিঝিল থানায় ১১টি মামলা করে। আসামি ৯২ জন।
দুদক সূত্রে জানা গেছে, বেসিক ব্যাংক থেকে যারা টাকা নিয়ে আÍসাৎ করেছেন ও যেসব ব্যাংকাররা এতে সহায়তা করেছেন তাদের ব্যাপারে ৫ এপ্রিল দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরির্দশকের কাছে চিঠি পাঠান। এছাড়াও দুদকের আরও একজন উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমও তার কাছে আরও একটি চিঠি পাঠান। ১১টি চিঠিতে দুদকের বিভিন্ন মামলার এজাহারভুক্ত ৪১ আসামির নাম রয়েছে। তাদের বিদেশ যাওয়া বন্ধ করার বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, এসব আসামি সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে খবর রয়েছে। তারা যাতে বিদেশ যেতে না পারেন এই জন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যও অনুরোধ করা হয়।
দুদকের ওই চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছেও দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব ওই সব চিঠি পাওয়ার পর তিনি এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্পেশাল ব্রাঞ্চকে নির্দেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ দেওয়ার পর তারা যাতে দেশত্যাগ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্পেশাল ব্রাঞ্চ থেকে যেসব ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছেন, বেসিক ব্যাংক লিমিটেডের চাকরিচ্যুত ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ, কে, এম সাজেদুর রহমান, বরখাস্ত ডিজিএম ও সাবেক শাখা প্রধান, গুলশান এসএম ওয়ালিউল্লাহ, বরখাস্ত উপ-ব্যবস্থাপক ও সাবেক ক্রেডিট ইনচার্জ, গুলশান শাখা এস. এম জাহিদ হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাময়িক বরখাস্ত এ. মোনায়েম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক রিজিওনাল অফিস, চট্টগ্রামের মো. সেলিম, সাবেক গুলশান শাখা ব্যবস্থাপক উপ-মহাব্যবস্থাপক শিপার আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, শান্তিনগর শাখার সাবেক শাখা প্রধান ও বর্তমানে চাকরিচ্যুত মোহাম্মদ আলী ওরফে মোহাম্মদ আলী চৌধুরী, ডিএমডি কনক কুমার পুরকায়স্থ, শান্তিনগর শাখার সাবেক অপারেশন ব্যবস্থাপক ও বর্তমানে এসএভিপি, ঢাকা ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ শাখার সরোয়ার হোসেন, শান্তিনগর শাখার সাবেক উপ-মহাব্যবস্থাপক ও বর্তমানে মহাব্যবস্থাপক, আগ্রাবাদ শাখা, চট্টগ্রামের মো. মোজাম্মেল হোসেন, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মঞ্জুর মোরশেদ, প্রধান কার্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক কোরবান আলী, মহাব্যবস্থাপক গোলাম ফারুক খান, দিলকুশা শাখার সাবেক ম্যানেজার ও বর্তমানে সহকারী মহাব্যবস্থাপক, মৌলভীবাজার শাখার পলাশ দাশ গুপ্ত, কমার্শিয়াল ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক খন্দকার শামীম হাসান, গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক ও ক্রেডিট ইনচার্জ বর্তমানে ব্যবস্থাপক, রিকভারি ডিভিশন মহিবুল হক এবং প্রধান শাখার মহাব্যবস্থাপক ও ব্রাঞ্চ ইনচার্জ জয়নাল আবেদীন চৌধুরী।
এইসব ব্যাংকারের দেশত্যাগে নিষেধাজ্ঞা ছাড়াও যে ২২ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে তারা হলেন, মেসার্স বি আলম শিপিং লাইনসের মালিক মোহাম্মদ বশিরুল আলম, আমিরা শিপিং এজেন্সির মালিক মো. গিয়াস উদ্দিন মোল্লা, মেসার্স বীথি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার কামরান শহীদ, মেসার্স নীল সাগর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মেসার্স পারুমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক আহসান হাবিব লেলিন, মেসার্স আলী ট্রেড ইন্টারন্যাশনালের মো. মাহবুবুল আলম, এসডি সার্ভে ফার্মের ম্যানেজিং পার্টনার ইকবাল হোসেন ভূঁইয়া, মেসার্স নাহার গার্ডেন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আকরাম হোসেন, সিমেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হাসান, মেসার্স ইউকে বাংলা ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুস্তাকুর রহমান, বিডিএস এডজাস্টার্স-এর চিফ এক্সিকিউটিভ ইবনে মোফাজ্জল বকরী সিমেক্স লিমিটেডের পরিচালক নুসরাত জাহান ঝুমু, নিউ অটো ডিফাইনের প্রোপ্রাইটার আসমা খাতুন, মেসার্স ফিয়াজ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার ওয়াহিদুর রহমান, মেসার্স সৈয়দ ট্রেডার্সের ম্যানেজিং পার্টনার সৈয়দ মাহবুবুল গনি, সৈয়দ ট্রেডার্সের পরিচালক সুলতান আহমেদ, এসডি সার্ভে ফার্মের চিফ সার্ভেয়ার ও পার্টনার মো. ফারুক, রূপসা সার্ভেয়ার্সের চিফ সার্ভেয়ার ও ম্যানেজিং পার্টনার মো. শাহজাহান আলী, মেসার্স নাহার গার্ডেন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, আইএইচএস ইন্সপেকশন সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান সার্ভেয়ার খন্দকার গোলাম মোস্তফা, পিএসআর সার্ভে অ্যান্ড ইন্সপেকশন কোম্পানির চিফ সার্ভেয়ার ও ম্যানেজিং পার্টনার জসিম উদ্দিন চৌধুরী, দেশ পরিদর্শন কোম্পানির প্রোপ্রাইটর শফিকুল ইসলাম শিমুল ও মেসার্স ইউকে বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিন। এসব ব্যবসায়ীরা দুদকের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।























































