সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে বারবার আশ্বাস দেয়া সত্ত্বেও নির্বাচন সুষ্ঠু করতে পারেনি তারা। সহিংসতা আগের দুই ধাাপের তুলনায় একটু কম হলেও ভোট জালিয়াতিতে আগের রেকর্ড থেকে সরে আসা সম্ভব হয়নি। পেশী শক্তি ব্যবহার করে প্রকাশ্যে সিল মারা ব্যালট পেপার অনেকটা অসহায়ের মতো চেয়ে দেখছে প্রিজাইডং অফিসাররা।
“নৌকা” মার্কাকে বিজয়ী করতে পর পর তিন দফায় কেন্দ্র দখল, প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারাসহ ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। তিন পর্বের ইউনিয়ন পরিষদের নির্বাচনেই দখল ও ভোট ডাকাতির করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বেশ কিছু এলাকায় ব্যাপক সংঘর্ষ ও গুলীর ঘটনা ঘটেছে। পাবনার চাটমোহর বাহাদুরপুর ভোট কেন্দ্রে সংঘর্ষ ও গোলাগুলীর ঘটনায় ইমদাদ হোসেন (৬০) নামের একজন বিএনপি কর্মী নিহত হয়েছে। ইউপি নিার্বচনের তফসিল ঘোষণা থেকে এখন পর্যন্ত ৫৯ জন লোক সহিংসতায় মারা গেছেন।
তৃতীয় দফা ভোটের চিত্র সম্পর্কে জেনে শুনেও মাঠপর্যায় থেকে কোনো বার্তা নির্বাচন কমিশনে যায়নি। এক প্রকার অন্ধকারেই ছিল নির্বাচন কমিশন (ইসি)। কোথাও কোথাও ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক ব্যালট পেপারে সিলমারা, সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটলেও কমিশনের কাছে এসব অপকর্মের তথ্য ছিল না। এই ধাপে এসে হঠাৎ করে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন থেকে ভোটের মাঠপর্যায়ের তথ্য কমিশনে পাঠানো বন্ধ হয়ে যায়। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চারজন নির্বাচন কমিশনার সকাল থেকেই মাঠের তথ্য জানার জন্য অপেক্ষায় ছিলেন। কিন্তু দুপুর গড়ালেও মাঠ থেকে কমিশনের কাছে কোনো তথ্য আসেনি।
ইসি সচিবালয়ের একাধিক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এবারের নির্বাচন নিয়ে আমরা ব্লাকআউটে আছি। বুঝতে পারছি না হঠাৎ করে কেন এমন হলো। আমাদের কাছে মাঠ পর্যায় থেকে কোনো তথ্যই আসছে না। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবো কিভাবে?’ এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ‘মাঠ পর্যায় থেকে এবার পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। তথ্য না পেলে কমিশনের ব্যবস্থা নেয়ার সুযোগও নেই। তবে কমিশনের নিজস্ব উৎস থেকে তথ্য পেয়ে বেশকিছু পদক্ষেপ নিয়েছি।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইতিবাচক পরিবর্তন এসেছে। বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতি ছাড়া এবং প্রথম দুই ধাপের চেয়ে তৃতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই ধাপের নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। শনিবার বিকালে নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাপা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘যেভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আগামীতে সেভাবে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে দেশবাসী নির্বাচনী ব্যবস্থার উপর আর কোনো আস্থা রাখতে পারবে না। তাই বর্তমানের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশনকে পরবর্তীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
২৩ এপ্রিল রাজধানীর বনানীস্থ নিজ কার্যালয়ে জাতীয় পার্টির সকল জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা প্রধান এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভোট ডাকাতি, মনোনয়নপত্র জমা দিতে বাধা দান, হুমকি-ধামকি এবং তুচ্ছ অজুহাতে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা বিএনপি মনোনীত প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। এভাবে চলতে থাকলে আমাদের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়বে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন গণমাধ্যমকে বলেন, এখন আর জনগণের অংশগ্রহণে ভোট হচ্ছে না। দেশে নির্বাচনের রাজনীতিও বন্ধ হয়ে গেছে, যা হচ্ছে জনগণকে দেখিয়ে। অথচ ভোটারদের বাদ দিয়েই এক ধরনের নির্বাচন হচ্ছে। যেখানে অনেকে ভোট দিতে পারছেন না, যারা ভোট দিচ্ছেন তারাও স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না। তার মতে, আগামীতে সরকার পরিবর্তনেও জনগণ আর স্বাধীন মতামত দিতে পারবে না।
তিনি বলেন, গত জাতীয় নির্বাচনের প্রভাবেই ইউপি নির্বাচনে এত সহিংসতা ও অব্যবস্থাপনা-অনিয়ম হচ্ছে। পেশী শক্তির জোরে প্রার্থীরা বিজয়ী হচ্ছেন। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার গণমাধ্যমকে বলেন, যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হচ্ছে না, সেখানেই যখন শক্তিপ্রয়োগ করে অন্যায়ভাবে বিজয় ছিনিয়ে আনা হচ্ছে, আর যে নির্বাচনে সরকার পরিবর্তন হবে সে নির্বাচনে এসব আরও বেশি হবে। বদিউল আলম বলেন, নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। কেননা নির্বাচন নিয়ে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে, স্বাধীন মতামত প্রকাশ করতে পারেনি, অনেক ক্ষেত্রেই নিজের ইচ্ছায় ভোট দিতে পারেনি।
পুরো নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ অন্য কমিশনারদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। পাশাপাশি চলমান ইউপি নির্বাচনে সংঘর্ষ-সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তথাকথিত নির্বাচনের নামে যে হারে শিশু ও নারী হত্যা, গণহত্যা চলছে, তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে- এটা কি নির্বাচন নাকি সশস্ত্র যুদ্ধ?’
শনিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর আসাদগেটস্থ দলীয় কার্যালয়ে জাগপা’র নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ দাবি করেন তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের জনগণের মধ্যে নির্বাচনী ব্যবস্থার প্রতি গণহতাশা ও গণঅনাস্থা তৈরি হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত না করে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব লক্সঘন করে চলেছে। ১৬ এপ্রিল রোববার সকালে আমাদের অর্থনীতি কার্যালয়ে বৈঠকে তিনি এ কথা বলেন তিনি।
সরকার ও নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে গোটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছে। রাষ্ট্রীয় অর্থের অপচয় করে ইউনিয়ন পরিষদ নির্বাচনকেও চরদখলের মতো দখল করা হয়েছে। এ অবস্থার পরিবর্তন দরকার। আর এজন্য ভোটাধিকার রক্ষা ও গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। ৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।
তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা পুরোপুরি মৃত। দলীয় প্রতীকে নির্বাচনের কারণেই হতাহতের ঘটনা ঘটছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। সরকার, সরকারি দল, প্রশাসন ও নির্বাচন কমিশনের অশুভ আঁতাতের কারণে সমগ্র নির্বাচন ব্যবস্থাই ভেঙে পড়েছে। নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থার প্রতি গণহতাশা ও গণঅনাস্থা তৈরি হয়েছে। ৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ও স্থানীয় সরকার এর ভবিষ্যৎ’ শীর্ষক মতবিনিময় সভায় কথাগুলো বলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বাম রাজনৈতিক দলের নেতারা।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার এখন মৃত। তিনি বলেন, তিনটি পর্যায়ে ধীরে ধীরে নির্বাচনকে অকার্যকর করা হয়েছে। এখন নির্বাচন বলে কিছু আসলে নেই। মানুষ আগে ভালো ইমেজধারীদের ভোট দিতো। এখন নিরাপত্তার খাতিরে উল্টো ইমেজের মানুষকে ভোট দিচ্ছে। ভাবছে, খারাপ লোককে কন্ট্রোল করতে খারাপ লোকই প্রতিনিধি হোক। তিনি বলেন, নির্বাচন ব্যতীত প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প পদ্ধতি আমাদের কাছে নেই। নির্বাচন একটি সভ্য পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি যখন খারাপ মানুষদের দ্বারা ঘেরাও হয়ে যায়, তখন আর ভালো ফলাফল আসবে কী করে।
তিনি আরও বলেন, মানুষের দৈনন্দিন জীবন-জীবিকায় এত সমস্যা যে, কেউ আর ভোট বা গণতন্ত্র নিয়ে ভাবছে না। খাদ্যে বিষ। রাস্তায় দামি গাড়ি আছে। কিন্তু আইন মানছে না কেউ। বিশাল বিশাল বাড়ি বানাবে। কিন্তু আইন মানছে না। সামাজিক শৃঙ্খলাই যখন অনুপস্থিত, তখন গণতান্ত্রিক নির্বাচন কীভাবে আশা করা যায়?
লিখিত বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু হাসান টিপু বলেন, ইউনিয়ন পরিষদের প্রথম দুই পর্বের নির্বাচনকে কেন্দ্র করে ৪০ জনের বেশি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক। অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবেন। এই ধারা অব্যাহত থাকলে আগামী চার পর্বের নির্বাচনে আরও বহু মানুষ আহত-নিহত হবেন। দলীয় প্রতীকের দখলদারিত্বের নির্বাচনের কারণেই এই হতাহতের ঘটনা ঘটছে। তিনি বলে আরও বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। সরকার, সরকারি দল, প্রশাসন ও নির্বাচন কমিশনের অশুভ আঁতাতের কারণে সমগ্র নির্বাচন ব্যবস্থাই ভেঙে পড়েছে।























































