সম্প্রতি কয়েকটি খুনের ঘটনা ও দেশে খুন-খারবি, চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীন হয়ে পড়েছে দেশের মানুষ। খুনের তালিকা থেকে বাদ যায়নি আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরাও। আ.লীগ নিজেদের মধ্যে খুনাখুনি ভাবিয়ে তুলছে আ.লীগকে। এসব খুনের জন্য আওয়ামী লীগ দায়ী করছে বিএনপিকে আর বিএনপি দায়ী করছে আ.লীগকে। আর এক অপরকে দায়ী করার কারণে প্রকৃত অপরাধী পার পেয়ে যাচ্ছেন বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আবার কেউ বলেছেন, আ.লীগ সরকার নিরাপত্তা না দিতে পারলে আমরা ট্যাক্স দেয়া বন্ধ করে দেবো। আ.লীগের নেতারা বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক হত্যা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত প্রকাশ্যে মানুষ হত্যা করে সরকার পতনে ব্যর্থ হয়েছে তারা এখন গুপ্ত হত্যা চালাচ্ছে, বেছে বেছে মানুষ হত্যা করছে। শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে এক সমাবেশে তিনি এ কথা করেন।
বাংলাদেশে জঙ্গি দমনে সবচেয়ে অভিজ্ঞ এবং সফল সরকার বিএনপি বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তাই বিএনপি মানবতা, সভ্যতা বিরোধী যেকোনো ধ্বংসাত্মক জঙ্গি কর্মকা-কে দমন করতে অতীতের অভিজ্ঞতা দিয়ে সহায়তা করতে প্রস্তুত আছে বলে তিনি জানান।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক কথায় বলা যায়- জঙ্গীদের ধরেছে বিএনপি সরকার, আর ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। সরকারকে জঙ্গীবাদের পৃষ্ঠপোষকতা বন্ধেরও আহবান জানান তিনি।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিলো। তখন ১৪ দল শেখ হাসিনার দিক নির্দেশনায় সব ষড়যন্ত্র মেকাবেলা করেছিল। এখন গুপ্তহত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের চক্রান্ত চলছে। শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জোর করে আইএস প্রতিষ্ঠার চেষ্টা কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী। দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো এবং জোর করে জঙ্গি সংগঠন আইএস- এর অস্তিত্ব প্রমাণের তোড়জোড়কে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ বলে মন্তব্য করেন তিনি। বিরল উপজেলায় এক আলোচনায় শুক্রবার তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজশাহীতে অধ্যাপক হত্যা এবং রাজধানীর কলাবাগানে বেসরকারি সংস্থার কর্মী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে সরকার বদ্ধপরিকর। এজন্য পৃথিবীর সব মানবাধিকার সংগঠন ও নেতৃত্ব উদ্বেগ এবং নিন্দা জানাতে পারে। কিন্তু একটি দেশের কূটনীতিক, আমাদের পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন; জোর করে আইএসের অস্তিত্ব প্রমাণে মরিয়া হয়ে উঠছেন। সরকারের উপর বিভিন্ন ভাবে অনাকাঙ্খিত চাপ প্রয়োগ করতে চাচ্ছেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে এসব কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ।
প্রধানমন্ত্রী ও পুলিশের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পুলিশ ও প্রধানমন্ত্রী কি ঘোড়ার ঘাস কাটেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সারা দেশে একের পর এক গুম, খুন হচ্ছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সরকার এসবের দায় বিএনপি-জামায়াতের ওপর চাপিয়ে দিচ্ছে। অথচ (অপরাধী) ধরা পড়ার পরে দেখা যায়, বিএনপির এর আশেপাশেও নেই।
বিএনপি-জামায়াত নয়, বর্তমান সাম্প্রদায়িক উগ্রবাদকেই আওয়ামী লীগের ‘প্রধান শত্রু’ হিসেবে দেখছেন সড়ক-পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গত বৃহস্পতিবার ধানম-ির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি ও জামায়াতের বর্তমান যে অবস্থা তাতে তাদের মোকাবেলা করা আওয়ামী লীগের পক্ষে কোনো বিষয় নয়। গত এক বছর ধরে কোনো আন্দোলন-সংগ্রাম নেই, বিএনপি তাদের কর্মসূচি শুধু প্রেস ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু এ সময়ে সাম্প্রদায়িক উগ্রতা অনেক বেড়েছে। আমাদের প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রতা, যাকে আমাদের এক ও অভিন্নভাবে মোকাবেলা করতে হবে।
জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর প্রধানের নাগরিকদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানানোর সমালোচনা করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, যদি আমাদের নিরাপত্তা আমাদেরকেই দিতে হয় তাহলে সরকারের কাজ কী? গত বুধবার এক সমাবেশে বক্তব্যে এই প্রশ্ন ছুড়ে তিনি বলেছেন, ট্যাক্স নেওয়ার সময় তো উল্লেখ থাকে যে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। আমি বাংলাদেশের সকল মানুষের পক্ষে বলতে চাই, নিরাপত্তা না দিতে পারলে ট্যাক্স দেব না।
দেশের সাম্প্রতিক এসব হত্যাকা- সভ্যতার এক নতুন অবদান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকীসহ দেশের সাম্প্রতিক হত্যাকা- বিষয়ে একটি দৈনিক দৈনিকে এক সাক্ষাৎকারে উদ্বেগ প্রকাশ করে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক এ কথা বলেন।
কোনো কারণ ছাড়াই দেশে এমন নৃশংস হত্যাকা- কীভাবে থামানো যায় এমন প্রশ্নে অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, ‘এই হত্যাকা- সম্পূর্ণরূপে থামানো যাবে তা বললে একটু বেশিই বলা হবে। তবে যতদূর পারা যায় এটাকে ঠেকাতে হবে। আর দেশে যে হত্যাকা-ের ঘটনা ঘটছে এগুলো থামানোর দায়িত্ব কিন্তু দেশের যারা পরিচালক তাদেরই নিতে হবে। কারা অস্থিতিশীল করছে সেগুলো বলা ঠিক নয়। কারণ মানুষ সেগুলো জানতে চায় না। মানুষ জানতে চায়, কীভাবে চলাফেরা করলে রাষ্ট্রে নিরাপদে থাকা যাবে। তাই কী করলে রাষ্ট্রের মানুষ নিরাপত্তা পাবে সেভাবে কাজ করতে হবে। এভাবে চলতে থাকলে তো মানুষ দেশকে বসবাসের অযোগ্য বলে মনে করবে! কারণ মানুষ রাষ্ট্র ও দেশের কাছে এবং দেশ যারা পরিচালনা করে তাদের কাছে ন্যূনতম কতকগুলো অধিকারের প্রত্যাশা করে। রাষ্ট্রে বসবাসের জন্য জীবনের নিরাপত্তা বিধান করা মানুষের অধিকারগুলোর মধ্যে প্রথম শর্ত।























































