স্টাফ রিপোর্টার ঃ
নিখোঁজের একদিন পর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে জামাল হোসেন (৫০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলার রঘুপুর এলাকার ইসলামিয়া ব্রিকফিল্ডের পেছনের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জামাল হোসেন (৫০) সদর দক্ষিণের চৌয়ারা এলাকা সংলগ্ন প্রতাপপুর গ্রামের বাসিন্দা। তিনি স’ মিলের শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ৯টায় তিনি বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। মঙ্গলবার সকালে ওই জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারছি না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।


















































