শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গণভোটের রায়, ইইউ ছাড়লো যুক্তরাজ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৬

B-SM20160624112433

ডেস্ক রিপোর্ট ঃ

গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার রায় দিলো যুক্তরাজ্যের জনগণ। শুক্রবার গণভোটের প্রাপ্ত ফলাফলে দেখা যায় ৫২ শতাংশ জনগন ইইউ ছাড়ার পক্ষে রায় দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রয়োজনীয় ১ কোটি ৬৮ লাখ ভোট পাওয়ায় সেই পক্ষ জয়ী হয়েছে বলে জানা গেছে। ৩৮২ টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩৭৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই ইইউতে থাকার পক্ষে দিয়েছে বলে জানা গেছে। নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক জন কার্টিজ বলেন, গণনার একেবারে প্রাথমিক পর্যায়ে মনে হচ্ছে গণভোটের ফলাফল ইইউতে থাকার বিপক্ষেই যাবে। তাঁর ধারণা অনুসারে গণভোটে জিততে যেকোনো পক্ষের এক কোটি ৬৮ লাখ ১৩ হাজার ভোট প্রয়োজন। যুক্তরাজ্যকে ৩৮২টি এলাকায় ভাগ করে ফলাফল গণনা চলছে। প্রধান ভোট গণনা কর্মকর্তা জেনি ওয়াটসন বলেন, ম্যানচেস্টার টাউন হলে ফলাফল ঘোষণা করা হবে। সুন্ডারল্যান্ডে ইইউতে থাকার বিপক্ষের, অর্থাৎ, লিভ ভোট ২২ শতাংশ এগিয়ে আছে। নিউক্যাসলে রিমেইন ভোট এগিয়ে। লন্ডনে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে ইইউতে থাকার পক্ষের ভোট বেশি। নির্বাচন বিশেষজ্ঞ কার্টিজের মতে, ইইউতে থাকার পক্ষে ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে যতটা ভোট পড়বে বলে আশা করা হয়েছিল, এর চেয়ে ১০ শতাংশ কম পড়েছে। যুক্তরাজ্যের ইতিহাসের তৃতীয় এই গণভোটে সব মিলিয়ে মোট ভোটার প্রায় চার কোটি ৬৫ লাখ। এই গণভোটে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের পাশাপাশি স্পেন উপকূলের অদূরের ব্রিটিশ শাসিত ক্ষুদ্র ভূখণ্ড জিব্রাল্টারের অধিবাসীরাও তাঁদের রায় দিয়েছেন। ইইউবিরোধীরা ওয়েলসেও ৫৪.৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে বিবিসি জানিয়েছে। স্কটল্যান্ডের গণনায় ইইউপন্থিরা এগিয়ে থাকলেও সেখানে ভোট পড়ার হার অনেক কম ছিল বলে নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। উত্তর আয়ারল্যান্ডে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চললেও সেখানে ইইউপন্থিরা বিজয়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফলাফল ঘোষণার মধ্যে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দরপতনের খবর দিয়েছে গার্ডিয়ান। এরই মধ্যে মুদ্রার দর ৬ শতাংশ নেমে গেছে বলে তাদের প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে প্রচার চালানো ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টির নেতা নাইজেল ফারাজ ভোটের ট্রেন্ডিং-কে ‘ঐতিহাসিক’ অ্যাখ্যা দিয়ে বলেন, “আজ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবস।” যুক্তরাজ্যের লেবার পার্টি প্রাথমিক প্রতিক্রিয়ায় ‘ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাচ্ছে’ এমনটা ধরে নিয়েই তাদের কর্মপরিকল্পনা সাজানোর কথা ঘোষণা করেছে। ইইউ’র পক্ষে থাকা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনেরও পদত্যাগ দাবি করছেন অনেকেই। ছায়া সংসদের পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেন এই গণভোটের জন্য ক্যামেরনকে দায়ী করে বলেছেন, “সেই এ গণভোটের প্রতিশ্র“তি দিয়েছিল, সেই গণভোটে পরাজিত হওয়ার পর তার দায়িত্বে থাকাটা আমাকে অবাক করবে।” তবে কনজারভেটিব পার্টির ৮৪জন এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ‘ইইউ থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলেও’ তাকেই প্রধানমন্ত্রী থাকার অনুরোধ করেছেন। গণভোটের ব্যালট পেপারে ভোটারদের প্রতি প্রশ্ন রাখা হয়েছে, ‘যুক্তরাজ্যের ইইউর সদস্য হিসেবে থাকা উচিত, নাকি ইইউ ত্যাগ করা উচিত?’ প্রত্যেক ভোটারকে থাকা না-থাকার যেকোনো একটি অপশনে টিক দিতে হবে। প্রাপ্ত ভোটের মধ্যে যে পক্ষ অর্ধেকের বেশি ভোট পাবে, সেই পক্ষ জয়ী বলে বিবেচিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি