ডেস্ক রিপোর্ট ঃ
ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো ২০১৬ আসরের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আইসল্যান্ড।
সোমবার রাতে ফ্রান্সের নিসের আলিয়াঞ্জ রিভিয়েরায় আইসল্যান্ড আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয়।
সেইসঙ্গে প্রথমবারের মতো খেলতে এসেই ইতিহাস গড়ল ছোট্ট এই দ্বীপ রাষ্ট্র। পিছিয়ে থেকে শেষ পর্যন্ত লড়াই করে জয় ছিনিয়ে নেয় আইসল্যান্ড।
খেলার ৪ মিনিটে বক্সের মধ্যে বিপজ্জনকভাবে ঢুকে পড়া রহিম স্টার্লিংকে ফেলে দিয়েছিলেন আইসল্যান্ডের গোলরক্ষক হান্নেস হালডোর্সোন। সেই পেনাল্টি থেকে ওয়েইন রুনির গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।
তবে এই এগিয়ে থাকা বেশিক্ষণ স্থায়ী হয়নি ইংলিশদের। দুই মিনিট বাদেই রাগনার সিগার্ডসন গোল করে দলকে সমতায় ফেরান।
হারের পর ইংলিশদের মাঠের মধ্যে কান্না
শুধু সমতায় ফিরেই থেমে থাকেনি, ১৮ মিনিটে সিথোরসোন ব্যবধান বাড়ান। বক্সের মধ্যে ওয়ান টু ওয়ান করে ইংল্যান্ডকে বিভ্রান্ত করে দিয়েছিল আইসল্যান্ড।
এক সময় বল পেয়ে যান স্ট্রাইকার সিথোরসোন। তার নিচু শটে গোলরক্ষক জো হার্ট কোনোরকমে হাত ছোঁয়ালেও গোল বাঁচাতে পারেননি।
এরপর সমতা ফেরানোর জন্য প্রচুর সময় হাতে ছিল ইংল্যান্ডের। কিন্তু বারবারই আইসল্যান্ডের রক্ষণে এসে তারা খেই হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে আইসল্যান্ড।
আগামী ৩ জুলাই সেমিফাইনালে যাবার আশায় স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে আইসল্যান্ড।
দলের এই পরাজয়ের পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের কোচ রয় হজসন।

























































