পূর্বাশা ডেস্ক:
ভরা বর্ষায় জীবন রক্ষার প্রয়োজনীয় সরঞ্জামাদি ছাড়াই অতিরিক্ত যাত্রী পরিবহন করছে লঞ্চগুলো। এর মধ্যে ফিটনেসবিহীন লঞ্চও রয়েছে। দুর্ঘটনার আশঙ্কা জেনেও জীবনের ঝুঁকি নিয়ে এসব নৌ-যানে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪৩টি নৌ-রুটে চলাচলকারী অর্ধশতাধিক লঞ্চের চিত্র প্রায় একই রকম। এসব লঞ্চে বাধ্যতামূলক অগ্নিনির্বাপক যন্ত্র, লাইফ জ্যাকেট, লাইফ বয়াসহ জীবন রক্ষাকারী সরঞ্জাম থাকার কথা থাকলেও তা নেই। এমভি পারাবাত-১১ লঞ্চের যাত্রী ধারণের ক্ষমতা ১ হাজার ১২ জন। ধারণ ক্ষমতা অনুযায়ী লঞ্চটিতে লাইফ বয়া থাকার কথা ২৫৩টি, আছে ১১৬টি। ২২টি অগ্নিনির্বাপক যন্ত্রের মধ্যে মাত্র ১২টি থাকলেও তার মধ্যে তিনটি বিকল। এমভি সুরভী-৭ লঞ্চের যাত্রী ধারণের ক্ষমতা ৮৯০ জন। লাইফ বয়া ২শ’ টির পরিবর্তে আছে ১০৫টি। ফায়ার বাকেট ১৮টির মধ্যে তিনটি বিকল। এ লঞ্চের কোথাও বালুভর্তি বাক্সের দেখা মেলেনি। একই অবস্থা অন্য লঞ্চগুলোর। প্রতি যাত্রীর জন্য একটি করে লাইফ জ্যাকেট থাকার বিধান থাকলেও ২/৩টি লঞ্চ ব্যতীত অন্যসব লঞ্চে একটি লাইফ জ্যাকেটেরও খোঁজ মেলেনি। এছাড়া দক্ষ মাষ্টার ও সুকানীর পরিবর্তে লস্কর দিয়ে মাঝে-মধ্যে লঞ্চ চালাতে দেখা যায়। ভরা বর্ষায় মারাত্মক ঝুঁকি নিয়ে এভাবে লঞ্চগুলো চললেও কর্তৃপক্ষ নির্বিকার।
বি আইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, নদীপথে যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ বয়া, ফায়ার বাকেট, অগ্নিনির্বাপক যন্ত্র, বালুভর্তি বাক্স, বালতি এবং হস্তচালিত পানির পাম্পের ব্যবস্থা রাখা অপরিহার্য। এ ব্যাপারে প্রতিটি লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা অনুযায়ী সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। বাধ্যতামূলকভাবে সমুদ্র পরিবহন অধিদপ্তর এ নৌযানগুলোতে জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখার নির্দেশ দিলেও তা মানছেন না লঞ্চ মালিকরা।
অভিযোগ রয়েছে, সমুদ্র পরিবহন অধিদপ্তরের সার্ভে বিভাগকে উেকাচ দিলে জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকলেও এসব নৌযান চলাচল করতে পারে। উেকাচ দিলে সার্ভে না করেই ফিটনেস সনদ পাওয়া যায় বলে লঞ্চ মালিক ও স্টাফরাই স্বীকার করেছেন। অধিদপ্তরের স্থানীয় কার্যালয় সূত্র জানায়, বড় লঞ্চগুলো অর্থাৎ ঢাকা-বরিশাল রুটের লঞ্চগুলো সার্ভে করে ঢাকা অফিস। যার কারণে এ লঞ্চগুলোর বিরুদ্ধে স্থানীয়ভাবে কোনো ব্যবস্থা নেয়া যায় না।
এদিকে ফের অবৈধ রোটেশন পদ্ধতিতে লঞ্চ চলাচলের অভিযোগ পাওয়া গেছে। বি আইডব্লিউটিএ’তে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ঢাকা-বরিশাল রুটে ১৪ লঞ্চের রুট পারমিট রয়েছে। ঢাকা ও বরিশাল উভয় প্রান্ত থেকে প্রতিদিন ৭টি করে লঞ্চ পরিচালনার কথা থাকলেও চলাচল করে ৪/৫টি করে। রুট পারমিট উপেক্ষা করে প্রতিদিন ৬টি লঞ্চ ঢাকার সদরঘাটে নোঙ্গর করে রাখা হয়। যাত্রীরা বাধ্য হয়েই নির্দিষ্ট লঞ্চে যাতায়াত করেন। ঢাকা-বরিশালের মতই ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, হুলারহাটসহ ৪৩টি রুটে চলছে যাত্রীদের জিম্মি করে অবৈধ রোটেশন পদ্ধতিতে লঞ্চ মালিকদের রমরমা ব্যবসা।























































