শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জঙ্গি ইস্যুতে সরাসরি প্রশ্নের উত্তর দেবে সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৬

th-10

পূর্বাশা ডেস্ক:

জঙ্গি ইস্যুতে সাধারণ মানুষের সরাসরি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছে সরকার। উন্মুক্ত মঞ্চে সাধারণ মানুষ প্রশ্ন করবে জঙ্গিবাদ বিষয়ে, আর সরকারের মন্ত্রী এবং আমলা উত্তর দিবেন সেসব প্রশ্নের। এমনই এক আয়োজন করা হয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তনে।

জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মতবিনিময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২৭ জুলাই বুধবার। অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ বেতার। এতে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। ইনু ছাড়াও থাকবেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূঁইয়া, তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, র‌্যাব এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জঙ্গিবাদ সাম্প্রতিক সময়ে শুধুমাত্র ‘টক অব দ্যা কান্ট্রি’ নয়, বরং ‘থিংক অব দ্যা নেশন’ এ পরিণত হয়েছে। বিশেষ করে গুলশান ঘটণার বিস্তারিত এখনো জনগণের সামনে না আসায়, ভয় কাটছে না দেশবাসীর। এছাড়া জঙ্গিবাদ দমনে গত দু’তিন সপ্তাহে সরকারের পক্ষ থেকে নানান পদক্ষেপ নেয়া হয়েছে। এসব পদক্ষেপ জনগণের পক্ষে এবং জনগণের জন্য নেয়া হলেও, অধিকাংশ জনগণ সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং ঘোষণার বিষয়ে জ্ঞাত না। এ সব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে সেই উন্মুক্ত মঞ্চে।

এ বিষয়ে বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ঈমাম, মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা, মাশায়েখ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আশা করছি, সবাই একটি সুন্দর দিক-নির্দেশনা পাবেন আলোচনা থেকে।

মতবিনিময় অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র এবং বাংলাদেশ টেলিভিশন থেকে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সম্প্রতি জঙ্গি হামলায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

১৭ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে, ২১ জুলাই সারা দেশের কলেজ অধ্যক্ষদের সঙ্গে, ২৩ জুলাই বৈঠক করা হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে। এরপর ২৪ জুলাই সারাদেশের মাদরাসা শিক্ষকদের সঙ্গেও।  এসব বৈঠক ছিল মূলত নীতি-নির্ধারণ পর্যায়ের আলোচনা ও মতবিনিময়। তবে এবারই প্রথম উন্মুক্ত মঞ্চে জনগণ প্রশ্নের উত্তর দিতে যাচ্ছে সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি