মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেখা যাবে নতুন এনামুলকে!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৬

30eb2f27ac1b4af5b262912c3d008d70-Untitled-6

পূর্বাশা ডেস্ক:

তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন সামর্থ্য কাজে লাগানো নিয়ে। সমালোচকেরা বলেন, এনামুল হক নিজের জন্য খেলেন। দলের জন্য পরিস্থিতির দাবি মেটানোর চিন্তা তাঁর মাথায় থাকে না।
এসব সমালোচনার কথা এনামুল নিজেও জানেন, কিন্তু সমালোচকদের দাবি তিনি মানেন না। অতীতের মতো কাল আবারও বললেন, ‘‌আমি দেশের হয়ে খেলতে চাই। দেশের পতাকা হাতে মাঠে নামতে চাই। কখনোই আমার নিজের জন্য চিন্তা ছিল না। সব সময় চিন্তা থাকে দেশের জন্যে খেলব। ভবিষ্যতে সুযোগ পেলেও দেশের জন্য কিছু করার চেষ্টা করব।’ স্ট্রাইক বদল করে না খেলার যে বদনাম আছে তাঁর, সেটা কাটিয়ে উঠতে নাকি প্রিমিয়ার লিগে অনেক কাজ করেছেন। সুযোগ পেলে সেটির প্রতিফলন দেখাবেন আন্তর্জাতিক ক্রিকেটেও।

‌‘আশা করি, এবার নতুন বিজয়কে (এনামুল) দেখা যাবে। যে কথাগুলো উঠেছে ওগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা থাকবে’—প্রতিজ্ঞা এনামুলের।
মানুষের ভুল ধারণা ভাঙাতে এনামুল এখন আছেন জাতীয় দলে ফেরার অপেক্ষায়, ‘গুজবে কান দিয়ে অনেক সময় অনেকে অনেক কথা বলে। কিন্তু এসব কথা যদি আবারও ওঠে আমি চেষ্টা করব নামিয়ে দেওয়ার জন্য। এ জন্য মাঠে নামা লাগবে। না খেললে তো আসলে কিছু মুছে দেওয়া সম্ভব না। কোচের সঙ্গে কথা হয়েছে। সবার সঙ্গে কথা হয়েছে। এখন আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হবে।’

এনামুলের জায়গা টপ অর্ডারে হলেও জাতীয় দলের প্রয়োজনে প্রস্তুত যেকোনো জায়গায় খেলতে। আত্মবিশ্বাসী ১০ নম্বরে নেমেও দলের জন্য কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে। তা ছাড়া জাতীয় দলের টপ অর্ডারে এখন যোগ্য প্রার্থীর ভিড় অনেক। এনামুল নিজেও জানেন ফেরাটা কত কঠিন। হয়তো সে কারণেই সুযোগ পেলে যেকোনো জায়গায় খেলার চিন্তা মাথায় রাখছেন। প্রস্তুত থাকার চেষ্টা করছেন তিন সংস্করণের ক্রিকেটের জন্যও, ‘যেকোনো সময় যেকোনো সংস্করণে যেন খেলতে পারি সেই প্রস্তুতিই নিচ্ছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি