পূর্বাশা ডেস্ক:
সাভারে ঢাকাগামী বি আরটিসি একটি দোতলা বাসের ইঞ্জিনে তাপমাত্রা বৃদ্ধির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১২ আগস্ট) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বাসযাত্রীরা জানান, রাতে সাভার থেকে বি আরটিসির একটি দোতলা বাস যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলো। বাসটি হেমায়েতপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে ইঞ্জিনে আগুনে ধরে যায়। এসময় বাসে থাকা যাত্রীরা তাড়াহুড়া করে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা এসময় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।























































