পূর্বাশা ডেস্ক:
সারা দেশে চলমান নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছে নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদ। শ্রম মন্ত্রণালয়ের মধ্যস্থতায় শনিবার গভীর রাতে নৌযান শ্রমিকদের বেতন-ভাতা নির্ধারণে মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে সমঝোতা হওয়ায় এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। এর মধ্য দিয়ে টানা পাঁচ দিন ধরে চলা ধর্মঘটে নৌপথে সৃষ্ট অচলাবস্থার অবসান হল।
বৈঠকে ‘ক’ ক্যাটাগরির নৌযানের শ্রমিকদের ন্যূনতম বেতন-ভাতা সর্বসাকুল্যে ৬ হাজার ৯২০ থেকে বাড়িয়ে ৯ হাজার ৬৫০ টাকা এবং ‘গ’ ক্যাটাগরির নৌযানের শ্রমিকদের বেতন-ভাতা ৩ হাজার ৮১৪ থেকে বাড়িয়ে ৭ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়। গত জুলাই থেকে এ নতুন বেতন-ভাতা কার্যকর হবে বলে বৈঠকে জানান শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।
ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ করে নতুন বেতন কাঠামো ঘোষণাসহ ১৫ দফা দাবিতে সোমবার মধ্যরাত থেকে নৌধর্মঘট পালন করে আসছে নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদ। এতে সারা দেশে নৌপথে পণ্য পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরে মাদার ভেসেল থেকে লাইটারেজ জাহাজে পণ্য খালাস বন্ধ থাকে। এতে দুই বন্দরের বহির্নোঙরে জাহাজের জট সৃষ্টি হয়। অনেক শিল্প-কারখানার পণ্য নৌপথে আটকে থাকায় ওইসব প্রতিষ্ঠানে সংকট সৃষ্টি হয়েছে। তবে সীমিত পরিসরে লঞ্চ চলাচল করেছে। শনিবারও বেশ কিছু যাত্রীবাহী লঞ্চ ঢাকা নদীবন্দর (সদরঘাট) থেকে যাতায়াত করেছে।
এমন পরিস্থিতিতে ধর্মঘট নিয়ে চলা অচলাবস্থা অবসানে শনিবার তৃতীয়বারের মতো মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিকাল চারটা থেকে শুরু হওয়া ওই বৈঠক হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয় রাত পৌনে ১২টায়। এরপর শ্রম প্রতিমন্ত্রী নতুন বেতন কাঠামো ঘোষণা করে দু’পক্ষকে তা মেনে নেয়ার আহবান জানান।
তিনি বলেন, ‘ক’ ক্যাটাগরির চট্টগ্রাম বহির্নোঙরে চলাচলকারী কোস্টাল, অভ্যন্তরীণ নৌরুটে সারা বছর চলাচলকারী কার্গো, বার্জের শ্রমিকদের ন্যূনতম বেতন সর্বসাকুল্যে হবে ৯ হাজার ৬৫০ টাকা ঘোষণা করছি।
এছাড়া ‘গ’ ক্যাটাগরিতে সব যাত্রীবাহী বড় লঞ্চ, পণ্যবাহী কার্গো, টুইন লঞ্চ ও অভ্যন্তরীণ বার্জে নিয়োজিত শ্রমিকদের ন্যূনতম বেতন হবে ৭ হাজার ৭৫০ টাকা।
তিনি বলেন, নতুন বেতন কাঠামো মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে। ঈদ সামনে রেখে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক হবে। তবে ছোট ছোট লঞ্চের বেতন-ভাতা ঈদের পর নির্ধারণ করা হবে।
প্রতিমন্ত্রীর ঘোষণার পর ধর্মঘট আহবানকারী সংগঠন বাংলাদেশ নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক অয়েজুল ইসলাম বুলবুল নৌধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, শ্রমিকদের নিজ নিজ কাজে ফিরে যেতে অনুরোধ করছি। পাঁচ দিন ধর্মঘটের ফলে মালিকের যে লোকসান হয়েছে তা শ্রমিকরা জাহাজ চালিয়ে পূরণ করে দেবে।
তিনি বলেন, ধর্মঘট চলাবস্থায় যেসব শ্রমিককে জাহাজ থেকে নামিয়ে দেয়া হয়েছে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেয়ার সুযোগ করে দিতে মালিকদের অনুরোধ জানান। নতুন বেতন-ভাতা মেনে নেয়ার ঘোষণা দেন লঞ্চ মালিক এবং কার্গো মালিকদের সংগঠনের সভাপতি মো. মাহবুব উদ্দীন আহমদ।
সমঝোতা বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষে শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রম অধিদফতরের পরিচালক এসএম আশরাফুজ্জামান, শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম, নৌযান মালিকদের পক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যা-প) সংস্থার উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু, সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাদল, কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি খুরশীদ আলম, নৌযান শ্রমিকদের পক্ষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে এপ্রিল মাসে একই দাবিতে নৌধর্মঘট পালন করেছিল বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ওই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে নৌ মন্ত্রণালয়ে ২০ এপ্রিল অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের বেতন জাহাজভেদে ৯ হাজার থেকে ১০ হাজার টাকা ঘোষণা করেন নৌমন্ত্রী শাজাহান খান। ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে নৌধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। তবে লঞ্চ মালিকরা ওই বেতন কাঠামো মেনে নেননি। তারা ওই বেতনকাঠামো ঘোষণার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়ের করেন। অপরদিকে মালিকরা দাবি মেনে না নেয়ায় শ্রমিকরা ফের ধর্মঘটের ডাক দেয়।























































