পূর্বাশা ডেস্ক:
সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ সহজ করতে দেশীয় ম্যাসেজিং অ্যাপস ‘আলাপন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী বলেন, এই অ্যাপস-এর মধ্য দিয়ে ডিজিটালের পথে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেলো।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক শুরুর আগে এই অ্যাপস-এর উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী অ্যাপসটির মাধ্যমে বরিশালের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন।
এই অ্যাপের মাধ্যমে সরকারের ১৪ লাখ কর্মকর্তা নিজেদের মধ্যে দাপ্তরিক আলাপচারিতা, ভিডিও কথন, গ্রুপ কনফারেন্স, নথি আদান প্রদান সংক্রান্ত যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের সময় কর্মকর্তাদের অবস্থানও জানা যাবে। কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র ও পে-স্কেলে ব্যবহৃত নম্বর দিয়ে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।
১০ টায় শুরু হওয়া মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ অন্যান্য সদস্যরা।























































