শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শোকে মুহ্যমান পাকিস্তান জামায়াত নেতারা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০১৬

Sirajul-Hoq

পূর্বাশা ডেস্ক:

জামায়াত নেতা মীর কাসেমের মৃত্যুদ- কার্যকর করার পর বরাবরের মত পাকিস্তান জামায়াত নেতারা প্রতিবাদ জানিয়ে বলেছেন, বিচার সঠিক হয়নি। রাজনৈতিক ও আদর্শিক কারণে বাংলাদেশে জামায়াত নেতাদের বিচার করা হচ্ছে এবং তারা শহীদ। এর আগেও পাকিস্তানে বাংলাদেশের জামায়াত নেতাদের বিচারের সমালোচনা করা হয়েছে। দেশটির সংসদে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদ- কার্যকর করার পর নিন্দা প্রস্তাব আনা হয়।

এবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে মীর কাসেমের মৃত্যুদ- কার্যকর করার নিন্দা জানানো হয়েছে এবং বাংলাদেশ ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে এর কড়া প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের নিউজ ইন্টারন্যাশনাল অনলাইন ভার্সনে দেশটির জামায়াত নেতা সিরাজুল ইসলাম বাংলাদেশের জামায়াত নেতা মীর কাসেমের মৃত্যুদ- কার্যকর করার যে প্রতিক্রিয়া জানিয়েছেন তা আমাদের সময় ডটকমের পাঠকদের অবহিত করতে খবরটি পরিবেশন করা হল।

বাংলাদেশে জামায়াতে ইসলামির নেতাদের পবিত্র রক্তের ফলে ইসলামিক বিপ্লব আসবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামির আমির সিরাজুল হক। জামায়াতের নেতা মীর কাসেম আলীর গায়েবানা জানাযায় ইসলামাবাদে এই মন্তব্য করেন তিনি।

এ সময় পাকিস্তানের জামায়াতের আমির সিরাজুল হক ১৯৭১ সালে পাকিস্তানকে সমর্থন করার জন্য বাংলাদেশের জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও মীর কাসেম আলীকে মৃত্যুদ-র দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। মীর কাসেম আলীকে শহীদ আখ্যা দিয়ে তার জন্য প্রার্র্থনা করেন।

তিনি বলেন, পাকিস্তানকে ভালোবাসার কারণে কাসেম শহীদ হয়েছেন। বাংলাদেশে আজ হরতাল চলছে। মীর কাসেমের জানাযায় হাজার হাজার তরুণ অংশগ্রহণ করত। সরকার তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং তাদের গ্রেফতার করে। বাংলাদেশের সরকার মীর কাসেমের জানাযায় আসা বন্ধ করতে সব ধরনের কৌশল গ্রহণ করেছে। নির্দোষ শহীদের জন্য পুরো বাংলাদেশ আন্দোলন করছে বলে তিনি মন্তব্য করেন।

তথা কথিত বিচারের নামে জামায়াতে ইসলামির নেতাদের মৃত্যুদ- দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন সিরাজুল হক। তিনি বলেন, বিচারে আন্তর্জাতিক মানদ- বজায় রাখা হয়নি। আন্তর্জাতিক সব মানবাধিকার সংস্থা এই বিচারের বিরোধিতা করেছে। বিশ্বের অধিকাংশ বিখ্যাত আইনজীবী স্বীকার করে বলেছেন বাংলাদেশে আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার করা হচ্ছে না।

রাজনৈতিক ও আদর্শগত কারণে জামায়াতের বিচার করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট স্বীকার করেছেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এমন অভিযোগও আনেন পাকিস্তানের জামায়াতের আমির সিরাজুল হক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি