শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্ব ব্যাংকের কাছ থেকে কঠোর শর্তে ঋণ নিচ্ছে সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০১৬

world-bank-logo

পূর্বাশা ডেস্ক:

অর্থ মন্ত্রণালয় অবকাঠামো উন্নয়নে বিশ্ব ব্যাংকের কাছ থেকে চড়া সুদে ২০ কোটি ডলারের ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব ব্যাংক তার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) প্যাকেজের আওতায় বাংলাদেশকে ঋণ দিতে অস্বীকার করায় সরকার চড়া সুদের ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
অর্থমন্ত্রী এএমএ মুহিত বিশ্ব ব্যাংকের কাছ থেকে ওই ঋণ নেয়ার বিষয়ে আলোচনা শুরুর জন্য গত সপ্তাহে অনুমোদন দেন। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকার যে ঋণ নিতে যাচ্ছে তার সুদ আইডিএ প্যাকেজের আওতায় দেয়া ঋণের সুদের চেয়ে চারগুণ বেশি।
ওই কর্মকর্তা আশা প্রকাশ করেন যে, বিশ্ব ব্যাংকের স্কেল আপ ফ্যাসিলিটি (এসইউএফ) স্কিমের আওতায় চড়া সুদে ২০ কোটি ডলার ঋণ নেয়া হলে বাংলাদেশ ব্যাংকের পরিচালিত চলমান বিনিয়োগ উন্নয়ন ও অর্থায়ন সুবিধা প্রকল্পের জন্য আইডিএর আওতায় আরও ৪০ কোটি ডলারের ঋণ পাবার বিষয়টি নিশ্চিত হবে।
অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা নিউ এজ পত্রিকাকে বলেন, নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে দফায় দফায় কথা বলার পর আইডিএর আওতায় ঋণ না পাওয়ায় আমরা শেষ পর্যন্ত কঠোর শর্তে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, আমরা ৬০ কোটি ডলারের ঋণ পাবার আশা করছি। এর মধ্যে ২০ কোটি ডলার কঠোর শর্তের। এই ঋণের অর্থ তফসিলি ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে বিদ্যুৎ ও ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্পের বেসরকারি বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ হিসাবে বণ্টন করা হবে।
আইডিএ-র আওতায় দেয়া ঋণের সুদের হার যেখানে মাত্র শতকরা এক ভাগ সেখানে এসইউএফ-এর আওতায় ঋণের সুদের হার তিন দশমিক ৩৫ শতাংশ। আইডিএ ঋণের চেয়ে এসইউএফ ঋণের গ্রেস পিরিয়ডও কম এবং ঋণ পরিশোধের সময়ও কম।
বিশ্ব ব্যাংক সাধারণত বাংলাদেশকে সহজ শর্তের ঋণই দিয়ে থাকে। সহজ শর্তের ঋণ হিসাব আইডিএ ঋণের সুদের হার মাত্র শূন্য দশমিক ৭৫ শতাংশ। আট বছরের গ্রেস পিরিয়ড ছাড়াই এই ঋণ শোধ করার জন্য সময় পাওয়া যায় ৩৮ বছর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি