শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ; খালেদা জিয়াসহ ৩ জনের বিরুদ্ধে মামলা


প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ; খালেদা জিয়াসহ ৩ জনের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৬

mamla-1

পূর্বাশা ডেস্ক:

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ৩ জনের বিরুদ্ধে চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার অপর আসামি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইরাদ আহমেদ সিদ্দিকী।

সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের অতিরিক্ত মুখ্য বিচারিক হামিক আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের  করেন।

বাদীর আইনজীবী সাবেক পিপি অ্যাড. আবুল হাসেম জানান, ইরাদ আহমেদ সিদ্দিকী ২৫ সেপ্টেম্বর ফেসবুকে তার ব্যক্তিগত পেইজে ইংরেজিতে একটি পোস্ট দেন। এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‌‌‘শেখ হাসিনাকে হত্যা সম্ভব নয়, কারণ শেখ হাসিনার চারদিকে ভারতের বিশেষ নিরাপত্তার চাদর রয়েছে। ভারতীয়রা সরাসরি শেখ হাসিনার নিরাপত্তা বিধান করেছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থরই প্রতিনিধিত্ব করছেন। শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ ইরাদ আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যোগ গ্রহণ করেছেন বলে পেইজে মন্তব্য মন্তব্য।

ইরাদ আহমেদ সিদ্দিকীর এ ফেসবুক পোস্টের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমান সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপির নির্বাহী কমিটির সদস্য। নিশ্চয়ই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়া ও তারেক রহমানের অনুমতিক্রমে তিনি এ পোস্ট দিয়েছেন।  তাই এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।

তিনি বলেন, আদালত মামলার নথি গ্রহণ করেছেন। পরে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

এর আগে ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার  তথ্যপ্রযুক্তি আইনের নগরীর কোতোয়ালি থানায় ইরাদ আহমেদ সিদ্দিকী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি