পূর্বাশা ডেস্ক:
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় জড়িত কথিত প্রেমিক বদরুল আলম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার বিকাল তিনটার দিকে সিলেট অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম শারাবান তহুরার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বদরুল আলম।
জবানবন্দিতে বদরুল বলেন, ‘ঘটনার দিন দুপুর ১২টার দিকে ২৬০ টাকা দিয়ে চাপাতি কিনে আনি। প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় খাদিজাকে হত্যার চেষ্টা চালায়।’
এর আগে দুপুরে হাসপাতাল থেকে বদরুলকে পুলিশ প্রহরায় কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। থানায় পুলিশের কাছে স্বীকার করেছে, প্রেম প্রত্যাখান করায় খাদিজাকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালায়।
প্রসঙ্গত, খাদিজা বেগম নার্গিস সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী। গত সোমবার বিকেলে সিলেট এমসি কলেজে কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় কলেজের পুকুর পাড়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম (২৭) তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। পরে মূমূর্ষ অবস্থায় খাদিজাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা দ্রুত তার অস্ত্রোপচার করেন। রাতে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসা চলছে। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার অবজারভেশনে রেখেছেন। ঘটনার পরপরই অন্যান্য শিক্ষার্থীরা বদরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে শাবি প্রশাসন।























































