মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পরিশ্রমের ফল পেলেন ‘পরিণত’ সাব্বির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৬

captymyzd-550x311

ডেস্ক রিপোর্ট  :

টেস্টের আলোচনা উঠলেই সাব্বির রহমান বলতেন, ‘টেস্টের জন্য নিজেকে আরো পরিণত করতে চাই। আপাতত এই দুই ফরম্যাটে ভালো করাই আমার কাজ।’ অবশেষে তাহলে পরিণত হওয়ার সময়টা এসে গেলো বাংলাদেশের মারকুটে এই ব্যাটসম্যানের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সাব্বির রহমান।

বাংলাদেশের হয়ে ২৯ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি খেলা সাব্বির বলছেন এটা পরিশ্রমের ফল। অনেকদিন ধরেই টেস্ট খেলার অপেক্ষায় ছিলেন তিনি। সাদা পোশাকে খেলার ডাক পাওয়ায় ঢের উচ্ছ্বাস না ঝরলেও ডানহাতি এই মিডল অর্ডারের মুখে দেখা গেলো চওড়া হাসি। অপেক্ষা ছিলো নিজেকে পরিণত করার। ডাক পাওয়ার পর নিজেকে পরিণতও দাবী করছেন সাব্বির। স্বাক্ষাতকারে টেস্ট অভিষেক, প্রতিপক্ষ, নিজের পরিকল্পনাসহ অনেক কিছু নিয়েই কথা বললেন বাংলাদেশি এই ব্যাটসম্যান। আমাদেরসময়.কম পাঠকদের জন্য সাক্ষাতকারটি তুলে ধরা হল।

প্রশ্ন: প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন। কেমন লাগছে?

সাব্বির রহমান: খুবই ভালো লাগছে। টেস্ট দলে ডাক পাওয়াটা অনেক বড় ব্যাপার।

প্রশ্ন: এতোদিন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন। এবার সাদা পোশাকে খেলার সুযোগ। কতোটা রোমাঞ্চিত?

সাব্বির রহমান: আসলে এক্সাইটেড না। আল্লাহ পরিশ্রমের ফল দিয়েছেন। এতোদিন ধরে অপেক্ষা করছিলাম টেস্ট দলে খেলার জন্য। সারা বিশ্বে টেস্টই তো প্রধান খেলা। সুযোগ পেয়েছি, আশা করি সুযোগ পেলে ভালো করবো ইনশাল্লাহ।

প্রশ্ন: এরআগে বলেছিলেন টেস্টের জন্য নিজেকে আরো পরিণত করতে চান। তো এই মুহূর্তে নিজেকে কি পরিণত মনে করছেন?

সাব্বির রহমান: হ্যাঁ অবশ্যই। আমি আগের থেকে এখন নিজেকে অনেক পরিবর্তন করেছি টেস্ট খেলার জন্য। প্রতিটা ফরম্যাটের জন্যই নিজেকে তৈরি করেছি আলাদা করে। যদি দরকার হয় ইনশাল্লাহ নিজেকে আরো পরিবর্তন করবো।

প্রশ্ন: আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ফরম্যাট টেস্ট। সুযোগ পেলে কোন জায়গাটায় ফোকাস করবেন?

সাব্বির রহমান: তিনটা বিভাগেই ফোকাস থাকবে আমার। যদি ব্যাটিং করি ব্যাটিংয়ে, বোলিং করলে বোলিংয়ে আর ফিল্ডিং করলে ফিল্ডিংয়ে ফোকাস করবো। যেটাতেই সুযোগ পাবো ভালো কিছু করার চেষ্টা করবো।

প্রশ্ন: একাদশে থাকলে আপনাকে ছয়-সাত নম্বর জায়গায় ব্যাটিং করতে হবে। দলের ব্যাটিং লাইন আপ দ্রুত ভেঙ্গে পড়লে আপনার ওপর বড় দায়িত্ব থাকবে। এই চ্যালেঞ্জের জন্য পস্তুত মনে হয় নিজেকে?

সাব্বির রহমান: যে সময়ই নামবো টেস্ট ম্যাচে চাপ নিয়েই খেলতে হয়। আর চাপ সরানোর জন্য কিছু কাজ করতে হবে। ইতিমধ্যে সেসব নিয়ে কাজ করছি। তো ইনশাল্লাহ সবকিছু ভালোভাবেই হবে। সব ঠিক থাকবে।

প্রশ্ন: ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়াটা কতোটা রোমাঞ্চের হবে?

সাব্বির রহমান: হ্যাঁ আসলে এটা অনেক বড় একটা অর্জন হবে। তারা টেস্ট নির্ভর দল। ওরাই টেস্ট খেলা তৈরি করেছে। ওদের বিপক্ষেই আমার প্রথম টেস্ট খেলা হবে যদি অভিষেক হয়। এটা আমার জীবনে অনেক বড় একটা অর্জন হবে। ইংল্যান্ড তো অনেক বড় দল। ইনশাল্লাহ সবই ঠিক থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি