ডেস্ক রিপোর্ট ঃ
টেস্ট অভিষেকে ৫ উইকেট নতুন কিছু নয়। বাংলাদেশরই এই কীর্তি আছে সাতজনের। কিন্তু যখন জানবেন, ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড, মেহেদী হাসানের পিঠ চাপড়ে দিতেই হবে। ইংল্যান্ডের ৭ ব্যাটসম্যানের পাঁচজনই যে তাঁর শিকার। এর অন্তত তিনটি দুর্দান্ত ডেলিভারিতে। মেহেদীর সামনে সুযোগ আছে অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে সেরা বোলিং কীর্তির আরও সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম তুলে আনার। আর একটা উইকেট পেলে মেহেদী হবেন গত ২৯ বছরে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ৬ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় বোলার।
নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচটাই কী স্মরণীয় করে রাখার মঞ্চ তৈরি করলেন এই অলরাউন্ডার! যুব ক্রিকেট থেকেই আলোচনা আসা মিরাজ নামে পরিচিত এই ১৮ বছর বয়সী এর আগে আন্তর্জাতিক ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনোটাই খেলেননি। সেই তিনিই ইনিংসের শুরু থেকেই বোলিং করে গেলেন। নিজের পঞ্চম ও ইনিংসের দশম ওভারে এই টেস্টেই অভিষিক্ত বেন ডাকেটকে যেভাবে বিভ্রান্ত করে বোল্ড করলেন, এর চেয়ে ভালোভাবে খাতা খোলা আর হয় না।
পরের ওভারেই সাকিব আল হাসানের বলে সুইপ করতে গিয়ে কিছুটা অদ্ভুতভাবে বোল্ড হলেন অ্যালিস্টার কুক। নিজের পরের ওভারে আবারও মেহেদীর আঘাত। এবার এলবিডব্লিউর ফাঁদে গ্যারি ব্যালান্স। টানা তিন ওভারে তিন রানের মধ্যে তিন উইকেট হারানো ইংল্যান্ড তখন রীতিমতো কাঁপছে।
পরে জো রুটের পাল্টা আক্রমণ (৪৯ বলে ৪০); মঈন আলী (১৭০ বলে ৬৮) ও জনি বেয়ারস্টোর (১২৬ বলে ৫২) প্রতিরোধে ইংল্যান্ড নিজেদের কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করেছে। যখনই একটা জুটি গড়ে ওঠার চেষ্টা হয়েছে, অধিনায়ক মুশফিক তরুণ সেনানীর ওপর ভরসা রেখেছেন। মেহেদীও হতাশ করেননি। প্রতিরোধ গড়া এই তিনজনই যেমন মেহেদীর শিকার।
অবশ্য আজ আটজন মিলে হাত ঘুরিয়েছেন। বাকি সাত বোলারের মধ্যে কেবল সাকিবই উইকেট পেয়েছেন। মেহেদী ৫টি, সাকিব দুটি। সঙ্গে মনে রাখবেন, এই প্রচণ্ড গরমে ৩৩ ওভার বোলিংও করেছেন মেহেদী। দুই পেসার মিলিয়েও যেখানে ১৭ ওভারের বেশি বোলিং করেননি।

সমস্যা হলো ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ এখন এতটাই লম্বা, লেজ বের করে এনেও নিশ্চিন্তে থাকার জো নেই। ক্রিস ওকস যেমন সতর্কের সঙ্গে পা ফেলছেন। ৩৬ রানে অপরাজিত ওকসের সঙ্গী আদিল রশিদের (৬) ১০টি প্রথম শ্রেণির সেঞ্চুরি আছে, ৩৫টি ফিফটিও। এই অবিচ্ছিন্ন জুটি এরই মধ্যে ২১ রান তুলে দুশ্চিন্তা বাড়াচ্ছে।
আর সাজঘরে অপেক্ষায় থাকা স্টুয়ার্ট ব্রডের তো টেস্টে একটি সেঞ্চুরি আর দশটি ফিফটিও আছে। ষষ্ঠ, সপ্তম আর অষ্টম উইকেটেই যেমন ১৫২ রান যোগ করে নিজেদের টেলএন্ডারদের সুনাম ধরে রেখেছে ইংল্যান্ড। আগামীকাল সকালের সেশনে ইংল্যান্ডকে দ্রুত মুড়িয়ে দেওয়া জরুরি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৭ উইকেটে ২৫৮ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, ওকস ৩৬*, স্টোকস ১৮; মেহেদী ৫/৬৪, সাকিব ২/৪৬, শফিউল ০/৩৩, কামরুল ০/৪১, তাইজুল ০/২৮)


























































