মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের লক্ষ্য কঠিন করে তুলছে ইংল্যান্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৬

28892a5733b6a93d4994a8cdd322951e-stokes-bairstow

পূর্বাশা ডেস্ক:

লিড নিতে না পারাটাই কি শেষ পর্যন্ত কাল হতে চলেছে বাংলাদেশের! অবস্থাদৃষ্টে তো তেমনই মনে হচ্ছে। আজ সকালে মাত্র ২৭ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ৪৫ রানের লিড উপহার দেওয়ার খেসারতটা তো দিতেই হবে। দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ৫ উইকেট হারানোর পরেও বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর দারুণ এক জুটিতে লিডটাকে এখনো পর্যন্ত নিয়ে গেছে ২৫০-এ। বিপর্যয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পরেও এই দুইয়ের দৃঢ়তায় বাংলাদেশের লক্ষ্যটাকে আস্তে আস্তে কঠিনই করে তুলছে ইংলিশরা। এই প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২০৫।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যে আচরণ করছে, তাতে এতে চতুর্থ ইনিংসে ২০০ রান তাড়া করাও অনেক কঠিন হবে। বাংলাদেশের স্পিনাররা উইকেট থেকে যথেষ্ট সুবিধা আদায় করে নিচ্ছেন। ভুলে গেলে চলবে না, ইংল্যান্ডের মঈন আলী ও আদিল রশিদ আছেন। এই দুজন ছাড়াও ইংল্যান্ডের তো উইকেট তুলে নেওয়ার অনেকেই আছেন।
৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেই বাংলাদেশের ঘূর্ণির সামনে অসহায় হয়ে পড়েছিল ইংলিশরা। মেহেদী হাসান সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের বোলিংয়ে দ্রুতই ৫ উইকেট হারায় তারা। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনটি যেন ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের হয়েই এসেছে। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৮।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রথম সাফল্য অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড ছোঁয়ার ম্যাচটি ভুলেই যেতে চাইবেন ইংলিশ অধিনায়ক। প্রথম ইনিংসে বাজে আউটের শিকার হওয়া কুক এই ইনিংসে ফিরেছেন মেহেদীর বলে স্লিপে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে। টেস্টে নিজের সপ্তম উইকেটটি পেলেন মেহেদী।
কুকের বিদায়ের পর জো রুটকে এলবিডব্লিউ করে ফেরান সাকিব আল হাসান। এটি ছিল টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সাকিবের ১৫০তম উইকেট। রুট রিভিউ নিলেও সেটি ধোপে টেকেনি। শর্ট লেগে মুমিনুল হককে ক্যাচ দিয়ে সাকিবের ১৫১তম উইকেট হয়েছেন বেন ডাকেট।
মধ্যাহ্নবিরতির পর মঈন আলী ও গ্যারি ব্যালান্স প্রতিরোধ গড়তে চেয়েছিলেন। তবে ১৮ রানের জুটি গড়তেই বিদায় নিয়েছেন ব্যালান্স। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে ইমরুলকে ক্যাচ দিয়েছেন তিনি। শর্ট লেগে দাঁড়ানো মুমিনুলের হেলমেটের গ্রিল একবার মঈন আলীকে আউট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলেও সাকিবের বলে রেহাই পাননি তিনি। ১৪ রানে সাকিবের বলে মুশফিকের দারুণ ক্যাচে পরিণত হন তিনি।
বেয়ারস্টো ও স্টোকস ষষ্ঠ উইকেটে ১২৭ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে টেনে নিয়ে গেছেন। বেয়ারস্টোকে ৪৭ রানে বোল্ড করেন কামরুল ইসলাম রাব্বী। পুরো ম্যাচে গড়পড়তা বোলিং করা কামরুলের জন্য বেয়ারস্টোর উইকেটটি ছিল কিছুটা ভাগ্য গুণে পাওয়াই।

তবে স্টোকসে দারুণ এক বলে এলবি করেছেন সাকিব। আউট হওয়ার আগে স্টোকের ব্যাট থেকে এসেছে ৮৫ রান। ১৫১ বলে ৬ চার ও ৩ ছয়ে স্টোকসের এই ইনিংসটি আক্ষরিক অর্থেই পার্থক্য গড়ে দেওয়ার মতো।
এই মুহূর্তে উইকেটে আছেন আদিল রশিদ ও ক্রিস ওকস।বাংলাদেশের পক্ষে সাকিব নিয়েছেন ৪ উইকেট। মেহেদী, তাইজুল ও কামরুল তিনজনই নিয়েছেন ১টি করে উইকেট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি