পূর্বাশা ডেস্কঃ
জয়পুরহাট সদরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাফিনুল ইসলাম ওরফে সাফিন (২৮) নামে মৃত্যুদ-প্রাপ্ত পলাতক এক আসামি নিহত হয়েছেন। উপজেলার পাকারমাথা দাদরা-জন্তি গ্রামে মামুন পেট্রোল পাম্প এলাকায় মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান, রাত ৩টার দিকে জয়পুরহাটের র্শীষ সন্ত্রাসী সাফিন তার সহযোগীদের নিয়ে জয়পুরহাট সদর উপজেলার দাদরা-জন্তি গ্রাম এলাকায় অবস্থান করছেন। এমন খবর পেয়ে র্যাব অভিযানে যায়। র্যাব সদস্যরা দাদরা-জন্তি গ্রামের মামুন পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে সন্ত্রাসী সাফিন র্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছুড়তে থাকে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সাফিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হলে তার অপর সহযোগীরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, নিহত সাফিনুল ইসলাম ওরফে সাফিন জেলার জয়পুরহাট পৌর এলাকার দক্ষিণ দেওয়ান পাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ৬টি হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তার মৃত্যুদ- হয়েছিল।























































