
নিজস্ব প্রতিবেদকঃ
হাতটানের অভ্যাস কয়েক বছর আগে থেকেই। চুরি করতে করতে ছিনতাই করাও শুরু করেন। মূল স্পট শাহবাগ, নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয় আশপাশ এলাকা। প্রতিদিনই ওঁৎ পেতে থাকতেন শিকারের খোঁজে। জীবনে চুরি করেছেন অনেক। তবে তিনি কখনো ভাবেননি একটি ব্যাগ চুরির ঘটনায় এতোবড় মাশুল গুনতে হবে তাকে। এই প্রথম চুরি করে পুলিশের কাছে আক্ষেপ করলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চোর রুবেল হাওলাদার।
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রিমান্ডে জিজ্ঞাসাবাদে রুবেল বলেন, ‘কত চুরি করলাম, আর এই একটা চুরির জন্য এতো কিছু হবে জানতাম না। টেলিভিশন-পত্রিকায় নিজের ছবি দেখে খুব ঘাবড়ে গিয়েছিলাম। চুরি করে জীবনেও এমন বিপদে পড়িনি।’
ডিবি সূত্র জানা যায়, রিমান্ডে রুবেল জানিয়েছে, সোমবার ২১ নভেম্বর রুবেল ও তার কথিত ‘গুরু’ রবিউল ইসলাম ওরফে রবি শাহবাগ এলাকায় দিন-দুপুরে ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন। তবে সড়কে অনেক ভিড় থাকায় চারুকলা অনুষদের ভেতরে ঢোকেন তারা। রাষ্ট্রদূতের ব্যস্ততার সুযোগ নিয়ে ব্যাগটি চুরি করেন রুবেল।
rubel
তবে চুরির ব্যাগ খুব সহজেই হজম করতে পারেননি রুবেল। চুরির কিছুক্ষণ পরই নিজের ছবি দেখতে পান টেলিভিশনে। কী করবেন বুঝতে পারছিলেন না। অবশেষে রাষ্ট্রদূতের মোবাইল বিক্রির পরই গোয়েন্দা পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে গ্রেফতার হন তিনি।
একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রুবেল।
এ বিষয়ে ডিবির দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালিদ জাগো নিউজকে বলেন, ‘রুবেল আদালতে চুরির বিষয়টি স্বীকার করেছে। মিডিয়ায় নিজের ছবি দেখে বিচলিত হয়ে গিয়েছিল। গ্রেফতারের পর থেকেই সে এই চুরির কারণে অনুতপ্ত ছিল।’
রুবেলের দেয়া তথ্য অনুযায়ী, প্রায়ই দিনে এবং রাতে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাই করতো তাদের একটি চক্র। এই এলাকায় চুরি-ছিনতাইয়ের দায় অধিকাংশ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর চাপানো হয় বলেই তারা এই এলাকা বেছে নিয়েছেন।
rubel
গত ২১ নভেম্বর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। সেখানেই তার হ্যান্ডব্যাগটি চুরি হয়। দুদিন পর বুধবার ব্যাগে থাকা মোবাইলফোন বসুন্ধরা সিটির এক দোকানে বিক্রি করেন রুবেল। সেখান থেকে চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করে ডিবি।
মোবাইলের সূত্র ধরে চুরির মোবাইল কেনা দোকানের মালিক শাওনকে এবং পরবর্তীতে রুবেলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের আদালতে সোপর্দ করে একদিনের রিমান্ডে আনা হয়। রিমান্ডে অকপটেই রুবেল চুরির বিষয়টি স্বীকার করেন। শাওনের বিরুদ্ধেও ডিবির কাছে ডিজিটাল প্রমাণ ছিল। পরদিন তাদের আদালতে হাজির করা হলে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।
জিজ্ঞাসাবাদে ডিবির কাছে তাদের চুরি ও ছিনতাই চক্রের মূল হোতা রবিউল ইসলাম ওরফে রবির নাম বলেছিলেন রুবেল। পুলিশের অভিযানে রোববার রাজধানীর হাতিরপুল থেকে গ্রেফতার করা হয় রবিউলকে। আদালতে হাজির করে তাকে দুদিনের রিমান্ডে নিয়েছে ডিবি।






















































