কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হারুন মাহমুদ এর ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের আহবান জানিয়েছেন ঐ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও পরিচালনা পর্ষদের সদস্য, কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মনির খন্দকার।গতকাল ২৪ নভেম্বর (সোমবার) এক প্রেস রিলিজ এর মাধ্যমে প্রশাসনের নিকট তিনি এ আহবান জানান। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় স্কুলের আজীবন দাতা সদস্য প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন করেছিলেন ঐ বিষয়ে প্রধান শিক্ষক মোস্তফা হারুন মাহমুদ যে বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত বলে মনির খন্দকার দাবী করেন।
গত ২৩ নভেম্বর রবিবার সন্ধ্যায় স্কুলের আজীবন দাতা সদস্য মনির খন্দকার লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগ করেছিলেন- ‘১৯১৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সঠিক নিয়ম নীতিতে পরিচালিত না হওয়ায় বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রধান শিক্ষক মোস্তফা হারুন মাহমুদ দীর্ঘ দিন প্রধান শিক্ষকের দায়িত্বে থেকে স্বেচ্ছাচারিতা, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ফলে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে দিন দিন ক্ষতিগ্রস্থ হচ্ছে।’
অভিযোগে বলা হয়- প্রধান শিক্ষক যথারীতি বিদ্যালয়ে আসেন না এমনকি ক্লাসও করেন না। বিদ্যালয়ের সামনের বিশাল পুকুরটি স্বজনপ্রীতির মাধ্যমে জনৈক আলহাজ্ব আতর আলীর নিকট ৫ বছরের জন্য মাত্র ১ লাখ ২০ হাজার টাকায় লিজ প্রদান করেন। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। স্কুল মার্কেটের দোকান বরাদ্দের জন্য ৬০ হাজার টাকা অগ্রিম এবং ৬ শত টাকা ভাড়া নেন। যা একেবারেই বাঞ্ছনীয় নয়। এ খাত হতে তিনি অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করেন। স্কুলের পূর্ব পার্শ্বে দ্বিতীয় মার্কেটটি অবৈধভাবে রেজুলেশন বিহীন এবং ক্রয়-বিক্রয় কমিটি গঠন না করে বিনা অনুমতিতে দরপত্র আহবান করা ছাড়াই নিজ তত্ত্বাবধানে নির্মাণ করেন। এখাতেও আর্থিক অসংগতি রয়েছে এবং অর্থ আত্ম্যসাতের অভিযোগ রয়েছে। স্কুলের সামনে প্রায় একশত মেহগনি গাছ কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন বলেও অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়- প্রধান শিক্ষক ‘উপবৃত্তির টাকা দরিদ্র মেধাবীদের মাঝে বিতরণ না করে সম্পদশালী ও বিত্তশালী আত্মীয় স্বজনদের মাঝে বিতরণ করেন। স্কুলের ২৩৫টি দোকান ব্যাপক আর্থিক অনিয়মের মাধ্যমে বরাদ্দ প্রদান করেন। স্কুলের খেলার মাঠের জায়গা দিয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ করে দেওয়ার সুযোগ করে দিয়ে আমেরিকান ভিলাসহ বিভিন্ন বাড়িঘর থেকে আর্থিক মাসোহারা নেন।’
সংবাদ সম্মেলনে মো. মনির খন্দকার সংশ্লিষ্ট প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট ওই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত করতে আহবান জানিয়েছিলেন। অভিযোগগুলোর সব দালালিক প্রমাণাদি তার নিকট রয়েছে বলেও তিনি দাবি করেছিলেন।

















































