ইমতিয়াজ আহমেদ জিতু
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারাপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হুমায়ুন কবির (৭০) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবিরের বাড়ি ওই একই গ্রামে। তার ছেলে আহত ফয়সাল জানান, জমি নিয়ে তাদের সঙ্গে পাশের বাড়ির লোকজনের বিরোধ রয়েছে। এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন তার বাবাকে পিটিয়ে জখম করে। এ অবস্থায় প্রথমে তাকে স্থানীয় মডার্ন হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেলা সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, এখনো বিষয়টি তিনি জানেন না। খবর নিয়ে দেখছেন।

















































