বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় হরতাল ডাকার বিষয়ে জানেনা উত্তর জেলা ছাত্রদল


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৫

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
আগামীকাল সোমবার কুমিল্লা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকার বিষয়ে জানেনা কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। উত্তর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে না রেখে সাংবাদিক সম্মেলন করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল হরতালের ঘোষণা দেয়। পরে মিডিয়াতে হরতালের বিষয়টি শুনে উত্তর জেলা ছাত্রদল ঐক্যমত পোষণ করে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ মিডিয়াতে প্রচারে নিষেধাজ্ঞা প্রদান করার প্রতিবাদে রোববার বিকেল ৩ টায় নগরীর কান্দিরপাড়ের জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে হরতাল আহবান করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের শীর্ষস্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, হরতাল ডাকার পূর্বে আমাদের কেউ অবহিত করেনি। আমরা মিডিয়াতে খবরটি শুনেছি।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, হরতাল কুমিল্লা জেলায় পালিত হবে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার জানান, হরতাল পুরো কুমিল্লা জেলায় পালিত হবে। কুমিল্লা উত্তর জেলার নেতৃবৃন্দ জানে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাদের জানা দরকার তারা জানে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন জানান, যেহেতু কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল হরতাল ডেকেছে, তাই আমরা তাদের সাথে ঐক্যমত পোষণ করছি।
উল্লেখ্য যে, কুমিল্লা দক্ষিণ জেলায় অর্ন্তভুক্ত রয়েছে সদর, সদর দক্ষিণ, লাকসাম,বরুড়া, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, বুড়িচং, ব্রাক্ষণপাড়া এবং কুমিল্লা উত্তর জেলায় রয়েছে চান্দিনা, মুরাদনগর,দেবিদ্ধার,দাউদকান্দি,
হোমনা, মেঘনা ও তিতাস উপজেলা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি