শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে বিএনপি-ছাত্রদলের ৬৫ জন নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৫

তাওহিদ হোসেন মিঠুঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপি-ছাত্রদলের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার সকালে পুলিশের উপ-পরিদর্শক(এসআই) শ্যামল চক্রবর্তী বাদি হয়ে দেবিদ্বার থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা সবাই উপজেলা বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী । স্থানীয় সূত্রমতে, মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ব্যারিষ্টার রিজবিউল আহসান মুন্সী, বিএনপি নেতা মঞ্জুরুল হক সরকার, বিএনপি নেতা ইব্রাহীম কন্ট্রাক্টর, যুবদল নেতা মিজানুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, আবদুল বাতেন, রিমন, বিল্লাল হোসেন প্রমুখ।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার স্বার্থে আসামিদের পরিচয় জানানো যাবে না।

উল্লেখ্য যে, বেলা ১১ টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সদরের নিউ মার্কেট ও ছোট আলমপুর এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৬০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এ সময় সাংবাদিকসহ অন্তত ১০জন আহত হয়েছেন। পুলিশ আলহাজ্ব মোঃ ইব্রাহীম খলিল নামের একজনকে আটক করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি