শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরফ গলার সুযোগ হারালো বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৫

14112741101
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরাফাত রহমান কোকোর মৃত্যুতে তার মা বেগম খালেদা জিয়ার প্রতি সমবেদনা ও শোক জানাতে গিয়েছিলেন শনিবার রাতে তার গুলশান কার্যালয়ে। কিন্তু তাকে গেট থেকে ফিরিয়ে দিয়েছে বিএনপি। এমনকি সামান্য সৌজন্যও তারা দেখাননি। ভেতর থেকে গেট বন্ধ করে রাখা হয়। ছোট গেটটিও কেউ খুলতে আসেননি। এতে মর্মাহত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা এবারই প্রথম ও নজিরবিহীন।

সরকারের একটি সূত্র জানায়, বিএনপির নেতৃত্ব বরফ গলিয়ে সংলাপের দিকে যাওয়ার আর একটা সুযোগ হারিয়েছে। আওয়ামী লীগের একজন নেতা মনে করছেন, প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার পর বিএনপি চেয়ারপারসনের স্টাফরা ও সেখানে অবস্থানরত নেতারা, খালেদা জিয়ার আতœীয়স্বজনরা যদি এগিয়ে আসতেন। তাকে সম্মান জানাতেন। সৌজন্য দেখাতেন তাহলে তৈরি হতে পারতো চলমান সংকট নিয়ে যে বরফ জমেছে সেই বরফ গলার সুযোগ। সেখান থেকেই সংলাপের সুযোগ তৈরি হতে পারতো। একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শোকে কাতর মা খালেদা জিয়ার প্রতি মমত্ববোধ থেকে তাকে অবরোধ ও হরতাল স্থগিত করে সংলাপে বসারও আশ্বাসও দিতে পারতেন।

আওয়ামী লীগ মনে করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সমবেদনা ও শোক জানাতে গেছেন। কোন রাজনীতি করতে যাননি। এই ধরনের কোন ইচ্ছেও তার ছিল না। কিন্তু বিএনপি সেটাকে রাজনীতি মনে করে তাকে ফিরিয়ে দেন।

এখন বিষয়টি এমন হয়েছে যে, প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার পর যে দল সেটা গ্রহণ করতে ও সৌজন্য দেখাতে জানে না সেই দলের সঙ্গে সংলাপ করে সংকটের সমাধান হবে এটা সরকারি দল মনে করছে না। আবার তাদের সঙ্গে সংলাপে বসলে সংলাপ সফল হবে সেটাও জনগন বিশ্বাস করবে না।

একটি সূত্র জানায়, অনেক সময় অলৌকিকভাবে, অনাকাঙ্খিত, অনভিপ্রেতভাবে একটি শোকাবহ ঘটনার ভেতর দিয়ে অনেক জটিল সমস্যার সমাধানের সুযোগ আসে। কোকোর মৃত্যু দুই নেত্রী, দুই দলকে কাছে আনার সুযোগ তৈরি করেছিল। সেটাও হয়েছিল। মাঝখানে একটি গেট দেয়াল হিসাবেই রয়ে গেল। প্রধানমন্ত্রীকে কেউ বিএনপি চেয়ারপারসনের কাছে তাকে নিয়ে গেলেন না। অথচ তারা তাকে আন্তরিকভাবে গ্রহণ করে তাকে সেখানে নিয়ে যেতে পারতেন। দুইজনের মধ্যে কথা হলে এই ক্ষেত্রে সংলাপের সূচনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

আওয়ামী লীগ নেতারা বলছেন, বরফ গলানোর সুযোগ হারালো বিএনপি। বিএনপির নেতাদের ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও তার স্টাফদের অবিবেচনা বশত: অবহেলার কারণে সুযোগটা নষ্ট হয়েছে।

আওয়ামী লীগের একজন নেতা বলেন, বিএনপি তাদের দাবি আদায়ের জন্য সরকারের উপর চাপ তৈরিতে অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে। এর উপর হরতাল দিচ্ছে। সারাদেশে বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। মানুষ মারা যাচ্ছে। এই অবস্থায় সরকার আন্দোলন নিয়ন্ত্রনে রাখতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বিএনপির আন্দোলন মোকাবিলায় সরকার রাজনৈতিক কৌশল ছাড়াও আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বাহিনীর সহায়তা নিচ্ছে। বিএনপি কঠোর হলে সরকারও আরো কঠোর হবে।

এদিকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে সিনিয়র মন্ত্রীরাও এটাও মনে করছেন, বিএনপি যে আন্দোলন শুরু করেছে সেটা সরকারের উপর চাপ তৈরি করার জন্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছ পা হবে না বলেও ঘোষণা দিয়েছে। এই অবস্থায় চলমান পরিস্থিতিতে যদি সরকার চাপের মুখে সংলাপে বসে তাহলে এই ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও বিএনপি মনে করবে সরকার দূর্বল হয়ে পড়েছে। এই কারণেই আপাতত চাপের মুখে সরকারে আলোচনা কিংবা সংলাপে বসতে রাজি নন।

আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে যারা মন্ত্রী পরিষদের ভেতরে রয়েছেন তারা এখনই সংলাপ না করার পক্ষে। তাদের মতে বিএনপি নমনীয় হলেই সরকার সময়, সুযোগ ও পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিবে। এখন আন্দোলনের মুখে সংলাপ নয়। এটাই সরকারের সিদ্ধান্ত



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি