ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা বিসিক শিল্প নগরীর ফরিদ ফাইবার ফ্যাক্টরিতে বার্ষিক ভোজের খাবার খেয়ে একজনের মৃত্যু ও অন্তত চার শতাধিক শ্রমিকের অসুস্থ্য হওয়ার ঘটনায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা আইনজীবি সহকারী সমিতির সদস্য মোঃ সেলিম মিয়া বাদী হয়ে বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে মামলাটি দায়ের করেন।
ফরিদ ফাইবার ফ্যাক্টরির মালিক মোঃ মানিক মিয়া ও ম্যানেজারসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে দ:বি: ২৭৩/৩০২/৩০৪/১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযোগে জানা যায়, কুমিল্লা বিসিক শিল্প নগরীর ফরিদ ফাইবার ফ্যাক্টরির মালিক মোঃ মানিক মিয়া ও ম্যানেজারের সাথে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে মনমালিন্য চলে আসছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে বার্ষিক ভোজের নামে শহরের একটি নামকরা খাবার সর্বরাহকারী প্রতিষ্ঠান থেকে খাবার নিয়ে তা শ্রমিকদের মাঝে পরিবেশন করা হয়। ওই খাবার খেয়ে কুমিল্লার সদর উপজেলার সাতরা গ্রামের হালিম মিয়ার স্ত্রী মালেকা আক্তারের মৃত্যু হয় এবং চার শতাধিক শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পরে। অসুস্থরা কুমিল্লা জেনারেল হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, চাঁদপুরের কলেরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুনানী শেষে কুমিল্লা ডিবি (গোয়েন্দা) পুলিশকে ঘটনার তদন্তের জন্য নির্দেশ দিয়েছে আদালত। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এড. নাদির উদ্দিন আহম্মেদ শাকিল।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম গঠন করা হয়েছে। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

















































