বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তারানকো পরামর্শ করেছেন নিশার সঙ্গে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৫

taranko22-400x241

পূর্বাশা ডেস্কঃ

দেশের চলমান সহিংসতায় ‘উদ্বিগ্ন’ জাতিসংঘ বাংলাদেশের চলমান সহিংসতা নিরসনে তাদের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোকে পুনরায় দ্বায়িত্ব দিয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে তারানকোকে দ্বায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, দায়িত্ব পাওয়ার পরপরই দক্ষিণ ও মধ্যএশিয়া-বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেন তারানকো। সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর অঞ্চলের নানা ইস্যুতে নিয়মিত আলোচনার অংশ হিসেবে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে তিনি (বিসওয়াল) এ বৈঠক করেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের রাজনীতিকদেরই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর ওপর তারা গুরুত্ব দিয়েছেন।’

স্টিফেন ডুজারিচ জানান. বাংলাদেশের স্থিতিশীলতা ও ইতিবাচক উন্নয়নের ব্যাপারে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে অঙ্গীকারবদ্ধ। বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদারও বাংলাদেশ। তাই বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের জন্য জাতিসংঘের রাজনীতিবিষয়ক (সাবেক) সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘ মহাসচিবও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন।

স্টিফেন ডুজারিচ বলেন, ‘এখানে যে বিষয়টি বেশ কয়েকবার গুরুত্ব দিয়ে বলেছি, গত বছরের শুরু থেকেই বাংলাদেশের সহিংসতা এবং এর কারণে লোকজনের প্রাণহানিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ ব্রিফিংয়ে বলা হয়, প্রধান দুই দলের নেতাদের সঙ্গে তারা যোগাযোগ অব্যাহত রাখবে। দুই দল যাতে তাদের মতপার্থক্যের অবসান ঘটাতে পারে, সে চেষ্টা করবে জাতিসংঘ।

বুধবারের ব্রিফিংয়ে ডুজারিচের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের চলমান সহিংসতার প্রেক্ষাপটে শুধু উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াই কি জাতিসংঘের জন্য যথেষ্ট? নাকি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের স্বার্থে জাতিসংঘের বেশি কিছু করা উচিত?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, তারানকোকে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের জন্য দায়িত্ব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। তিনি (তারানকো) সেই কাজটি করছেন।

আগের দিন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক পরিচয় দানকারী এক প্রবাসী বিএনপি নেতার প্রশ্নের জবাবে বাংলাদেশে হরতাল-অবরোধে নাশকতায় প্রাণহানিতে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগের কথা তুলে ধরেন ডুজারিক।

হরতাল-অবরোধে নাশকতায় প্রাণহানির নিন্দা জানিয়ে ডুজারিক বলেন, ‘আমরা নিরীহ মানুষের জীবননাশের নিন্দা অব্যাহত রেখেছি। চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান আমাদের প্রত্যাশা।’

তারানকো ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম সংক্রান্ত দপ্তরের দায়িত্বে রয়েছেন। গতবছর নির্বাচনের আগে দেশের বড় দুই রাজনৈতিক দলের মতপার্থক্য দূর করতে তারানকোকে দায়িত্ব দেয়া হয়েছিল। এর আগে তিনি সংস্থাটির রাজনীতিবিষয়ক দপ্তরের সহকারী মহাসচিব থাকাকালে বাংলাদেশ পরিস্থিতি দেখভালের দায়িত্বে ছিলেন। পরে দপ্তর পরিবর্তন হলেও জাতিসংঘ মহাসচিবের বিশেষ নির্দেশনায় তিনি এখনো বাংলাদেশ বিষয়ে ঢাকা ও নিউইয়র্কের মধ্যে সমন্বয়ের কাজ করছেন।

এর আগে ৭ ফেব্রুয়ারি নিয়মিত ব্রিফিংয়েও বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মতপার্থক্য দূর করতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দূত হিসেবে তারানকো ২০১২ ও ২০১৩ সালে তিন দফায় ঢাকায় আসেন। ২০১৩ সালের ৬ ডিসেম্বর তিনি ছয় দিনের জন্য বাংলাদেশ সফর করেন। ওই সফরের সময় তিনি দুই দলকে আলোচনার টেবিলে বসালেও তাদের মতপার্থক্য দূর করতে পারেননি। তাই দুই দলকে দুই দফায় টেবিলে বসানোর ‘সাফল্য’ নিয়েই ঢাকা ছাড়েন তারানকো



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি