ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি নিরসনে শান্তিপূর্ণ উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। একই সাথে সব দলকে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক মতপ্রকাশের সুযোগ দেয়ার বিষয়টি সরকারকে নিশ্চিত করতেও বলেছেন তিনি। এ ছাড়া মানবাধিকার পরিস্থিতি নিশ্চিতে গঠনমূলক ভূমিকা রাখার জন্য স্বাধীন ও স্বচ্ছ গণমাধ্যমের প্রতিও জোর দেন কেরি।
বৃহস্পতিবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
বক্তব্যে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর নিন্দা জানান কেরি। তিনি বিরোধী দলগুলোকে দ্রুত এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানান।
কেরি বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশে নিরীহ নাগরিকদের লক্ষ্য করে হামলার কৌশল ও রাজনৈতিক মত প্রকাশে বাধা বরদাশত করা যায় না।’
সহিংসতা মোকাবেলায় তিন দিনব্যাপী বৈশ্বিক সম্মেলনের শেষ দিনে আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন জন কেরি। ৭০টিরও বেশি রাষ্ট্র ওই সম্মেলনে অংশ নেয়।
উভয় মন্ত্রীর মধ্যকার ওই বৈঠকে চলমান সংকট ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তন ও শ্রম পরিবেশ উন্নয়নের ব্যাপারেও আলোচনা হয়েছে। এ ছাড়া উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ও অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন।























































