ডেস্ক রিপোর্টঃ
অবিশ্বাস্য হলেও সত্য যে দেশের নৌযানের সঠিক হিসাব নেই, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ’র কাছে। দেশের ৭০টি রুটে চলাচলকারী ৫ শতাধিক লঞ্চের হিসাব থাকলেও অন্যান্য লঞ্চের কোন হিসাব এখনো পাওয়া যায়নি। আর এসব নৌযানের মধ্যে মাত্র ১শ’ ১৬টির ফিটনেস সার্টিফিকেট রয়েছে। ফিটনেসবিহীন নৌযান ও অদক্ষ চালকের কারণেই অহরহ দুর্ঘটনা ঘটে।
সর্বশেষ রোববার পাটুরিয়ায় কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া এমএল মোস্তফার ডুবে যাওয়াও ঘটনায় অদক্ষ চালকই দায়ী। দৌলতদিয়া-পাটুরিয়া রুটে যাত্রী পারাপারের এ লঞ্চটিরও ফিটনেস ছিল না। এ রুটে অধিকাংশ লঞ্চেরই ফিটনেস সার্টিফিকেট ছিল না। এদিকে এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। সমুদ্র পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. শাহজাহানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ৬৫ ফুটের নীচে শতাধিক লঞ্চের মধ্যে অধিকাংশেরই ফিটনেস সার্টিফিকেট নেই। লঞ্চগুলো দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত মাষ্টার-সুকানীর পরিবর্তে হেলপার ও খালাসী দিয়ে চালানো হয়। বিআইডব্লিউটিএ ৩৬টি লঞ্চে প্রশিক্ষণপ্রাপ্ত মাষ্টার-ড্রাইভার নেই বলে স্বীকার করেছে। তবে এ সংখ্যা আরো অনেক বেশি হবে।
সূত্র জানায়, ফিটনেস নেয়ার সময় অভিজ্ঞ চালক ও মাষ্টারদের সনদ দেখিয়ে লঞ্চ মালিকরা রুট পারমিট নিয়ে থাকেন। পরবর্তীতে খালাসী ও হেলপাররা লঞ্চ পরিচালনা করায় একের পর এক দুর্ঘটনা ঘটে। লঞ্চের নির্মাণ ত্রুটি ও অদক্ষ মাষ্টার-ড্রাইভার দ্বারা লঞ্চ চালানোয় এসব দুর্ঘটনার বড় কারণ।
বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক আবুল বাশার বলেন, নদীপথে যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ বয়া, ফায়ার বাকেট, অগ্নিনির্বাপক যন্ত্র, বালুভর্তি বাক্স, বালতি এবং হস্ত চালিত পানির পাম্পের ব্যবস্থা রাখা অপরিহার্য। এ ব্যাপারে প্রতিটি লঞ্চের যাত্রী ধারণের ক্ষমতা অনুযায়ী সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই তা মানছেন না লঞ্চ মালিকরা।
সমুদ্র পরিবহন অধিদপ্তর সার্ভেয়ার মোঃ মঈনুদ্দিন জুলফিকার জানান, ঢাকা-বরিশাল, ঢাকা-হুলারহাট, ঢাকা-পটুয়াখালীসহ অন্যান্য রুটের বড় লঞ্চগুলোর সার্ভে করে ঢাকা সমুদ্র পরিবহন অধিদপ্তর। যার কারণে এ লঞ্চগুলোর ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া যায়না।
























































