ডেস্ক রিপোর্টঃ
তাদের আশা ছিল দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক জোট বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নির্বাচনে অংশ নেবে না। কিন্তু নির্বাচনে তাদের পুরো সমর্থনই পাবেন তারা। এর সঙ্গে যোগ হবে নিজেদের সুশীল ইমেজ। যার ওপর ভর করে নির্বাচনে জয়ী হয়ে নগরপিতা হবেন। কিন্তু সেই আশার গুড়েবালি দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে ২০ দলীয় জোট।
সরকারবিরোধী আন্দোলনরত বিএনপি-জামায়াত সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ায় সাবেক বিতর্কিত সংসদ সদস্য গোলাম মওলা রনি ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার কপাল পুড়েছে এভাবেই। ছাত্র রাজনীতিতে সাফল্য পেলেও জীবনে একবারও সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগের রাজনীতিতে এসে বিশ্বাসভঙ্গের ফাড়ায় পড়ে সাইড লাইনেরও দূরে ছিলেন। অগত্যা জনবিচ্ছিন্ন কিছু লোক নিয়ে তৈরি করেছিলেন নাগরিক ঐক্য। যার ব্যানারে গত বছর ডিসিসি নির্বাচনে মেয়র হওয়ার স্বপ্ন দেখছিলেন। বিভক্ত ডিসিসিতে তিনি উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন।
মাহমুদুর রহমান মান্নার স্বপ্নের পরিধি এতটাই বিস্তৃত হয়েছিল যে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বিএনপি বা অন্য কাউকে ক্ষমতায় বসিয়ে ফায়দা লোটারও ছক এঁকেছিলেন। যাতে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ অনেকের সঙ্গেই নিয়মিত যোগাযোগ করে নানা ষড়যন্ত্রের জাল বুনতেন। সাদেক হোসেন খোকার সঙ্গে এমনই এক ভাইবার কথোপকথনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ চেয়েছিলেন। সেনাবাহিনীর এক জেনারেলের সঙ্গে বৈঠক করে সরকার উৎখাতের যড়যন্ত্রেও আগ্রহী ছিলেন তিনি। আর এতেই গ্রেপ্তার হয়ে জেলে তিনি। সেখান থেকেই নিয়েছিলেন মনোনয়নপত্র। আগ্রহী ছিলেন কারাগারে বসেই পড়বেন বিজয়ের মালা।
যাদের ওপর ভর করে এই স্বপ্ন আর ষড়যন্ত্র তারাই এখন নির্বাচনের মাঠে। আর এতেই মন ভেঙ্গে গেছে মান্নার। নির্বাচনে অংশ নিয়ে দু-চার ভোট পেয়ে জামানত হারানোর চেয়ে না যাওয়াই এখন শ্রেয় মনে করছেন। আর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন যে, নির্বাচন কমিশন, কারা কর্তৃপক্ষ ও সরকার সহযোগিতা না করায় তার পক্ষে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। কিন্তু কোন কোন জায়গায় তাকে সহযোগিতা করেনি সে সম্পর্কে কিছুই বলা হয়নি।
ওয়ান ইলেভেন পরবতৃী সংস্কারবাদী ইস্যুতে সাবেক ছাত্রনেতা ও মন্ত্রী খ ম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয়া হয়নি ২০০৮-এর নির্বাচনে। তার আসনে মনোনয়ন দেয়া হয়েছিল গোলাম মওলা রনিকে। আওয়ামী লীগ অধ্যুষিত নির্বাচনি এলাকা তার সঙ্গে যুক্ত গণজোয়ারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রনি। নিজের বিতর্কিত কর্মকা-ে সংসদ সদস্য থাকা অবস্থাতেই জেল খেটেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার জন্য ব্যাপক প্রচার ও গণসংযোগ করলেও ২০ দলীয় জোটের অংশগ্রহণের সম্ভাবনায় চুপসে গেছেন অনেকটাই। বিএনপি নির্বাচনি মাঠে থাকলে দক্ষিণাঞ্চলের এই নেতার ঢাকার মেয়র হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য অজুহাত খুঁজছেন রনি। বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট প্রচারণায় মাঠে নামলে ঘোষণা দিয়ে সরে পড়তে পারেন তিনি। এটি এখন সময়ের ব্যাপার মাত্র।























































