ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় রফিকউদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের সামনে রানা (২১) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে একই এলাকার কয়েকজন যুবকরা।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রানা নগরীর সুজানগর এলাকার আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে চার/পাঁচজন যুবক সিএনজিচালিত একটি অটোরিকশায় করে রানাকে এনে ওই এলাকায় নামিয়ে তিনটি গুলি করে রাস্তার পাশের পুকরে ফেলে দিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই রকি জানান, আমার ছোট ভাই রানা আজ আদালতে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য মোটরসাইকেলে করে যাওয়ার সময় একই এলাকার রফিক, হানিফ, মহিউদ্দিন, সুমন ও জালাল তাকে ধরে নিয়ে যায়। পরে তার লাশ আমরা কাটাঁবিল পুকুরে এসে পাই।
স্থানীয় সূত্র জানায়, গত ৮/৯ মাস ধরে রানাদের সাথে ঘাতকদের কোন্দল চলছিল। এরই প্রেক্ষিতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।


















































