ডেস্ক রিপোর্টঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জল কোনো রাজনৈতিক বিষয় হতে পারে না। জলের ভাগাভাগি মানবিক মূল্যের ওপর ভিত্তি করেই হবে। এ জন্যে বিশ্বাস ভেঙে গেলে চলবে না, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন মোদি।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের লক্ষ্য এক। সারা দুনিয়া জমি নিয়ে যুদ্ধ করলেও এ দুটি দেশ স্থল সীমান্ত চুক্তি করে জমিকে সম্পর্ক সেতু হিসেবে দাঁড় করিয়েছে। গরীব দেশ হলেও বাংলাদেশ ও ভারত এক সঙ্গে বিকাশের পথে চলবে। বাংলাদেশের এ বিকাশ যাত্রা কখনো থমকে দাঁড়াবে না।
মোদি বলেন, সন্ত্রাসবাদের কোনো আদর্শ নেই, সীমা নেই। যদি থাকে তা হচ্ছে মানবতার শত্রু। সন্ত্রাসবাদ বিশ্বকে আলাদা, বিভক্ত করে দেয়।
মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি স্মরণ করে মোদি বলেন, আমি যুবক ছিলাম, সে সময় খবরের কাগজে পড়তাম বাংলাদেশের লড়াই, আর এখানকার মানুষের ওপর যে অত্যাচার চলত সে সম্পর্কে। আপনাদের যেমন রক্ত গরম হয়ে যায়, আমারও যেত। জীবনে প্রথমবার গ্রাম ছেড়ে তাই দিল্লিতে চলে আসার সৌভাগ্য আমার হয়েছিল। সত্যাগ্রহে অংশ নিয়েছি। তারপর দীর্ঘদিন রাজনীতি করিনি।
মোদি বলেন, বিশ্বে সমৃদ্ধ দেশ নিয়ে অনেক কথা হয়, কিন্তু গরীব দেশ নিয়ে আলোচনা হয় না। বাংলাদেশে বার বার রাজনৈতিক সংকট এসেছে। মুক্তিযুদ্ধ ছাড়াও সংকট এসেছে, প্রাকৃতিক দুর্যোগ এসেছে, আর বাংলাদেশ মোকাবেলা করে মাথা উচু করে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমরা তোমাদের সঙ্গে নিয়ে চলবো।
তিনি বলেন, বিশ্বের ৬ জন মানুষের একজন ভারতীয়। অথচ জাতিসংঘে স্থায়ী পদ পায়নি। বিশ্ব শান্তির জন্যে ভারতকে জিজ্ঞেস করা হচ্ছে না। অন্যদেশের জন্যে যুদ্ধ করতে যেয়ে বিশ্বযুদ্ধে ৭৫ হাজার সৈন্য মারা গেছে। জমির জন্যে যুদ্ধ করেনি ভারত। স্থায়ী সদস্য পদের জন্যে ভারতকে লড়তে হচ্ছে। বাংলাদেশের জন্যে যখন ভারত সাহায্য করেছে তখন আমরা জানতামনা বাংলাদেশ রাষ্ট্রের বিকাশ হবে কি না। বঙ্গবন্ধু বলেছিলেন, প্রতিটি মানুষ যুদ্ধের জন্যে প্রস্তুত ছিল।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মোদি বলেন, আমার দেশের সৈন্যরা বাংলাদেশের স্বাধীনতার জন্যে রক্ত দিয়েছে এরচেয়ে বড় গৌরব আর হতেই পারে না। বাংলাদেশের যে প্রবৃদ্ধি বা অর্থনৈতিক বিকাশ ধারাবাহিকভাবে ৬ ভাগ হারে হচ্ছে তা কোনো ছোট সাফল্য নয়। আর্থিক ব্যবস্থা এখানে শক্ত এক ভিত্তি তৈরি করেছে যা ভবিষ্যত তৈরি করবে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুটি দেশের ৬৫ ভাগ জনসংখ্যার বয়স ৩৫ বছরের কম যা একটি শুভ শক্তি বা যুব শক্তিতে ভরা। যুবশক্তির এই সামর্থ্যে পাশাপাশি উৎসর্গীকৃত রাজনৈতিক নেতৃত্ব রয়েছে যা এগিয়ে চলতে চায়।
তিনি বলেন, এখন আর বিশ্বে আগ্রাসন বা বিস্তারবাদের কোনো প্রয়োজন নেই। এখন প্রয়োজন বিকাশের। স্থল সীমান্ত চুক্তিকে বার্লিন প্রাচির ভেঙে ফেলার মত ঘটনার সঙ্গে বাংলাদেশের একটি পত্রিকার তুলনাকে মোদি সঠিক বলে মন্তব্য করেন।
মোদি বলেন, স্থলসীমান্ত চুক্তি এমন নয় যে দুটি দেশের মধ্যে জমি সংক্রান্ত বিবাদের সমাধানে দুই চার কিলোমিটার জমি এদিক ওদিক গিয়েছে। এ চুক্তি দুটি দেশের মানুষের মনকে শক্ত করেছে। বিশ্বে সমস্ত যুদ্ধ হয়েছে জমি নিয়ে, সেখানে বাংলাদেশ ও ভারত জমিকে সম্পর্কের সেতু হিসেবে দাঁড় করিয়েছে। অথচ গরীব বলে আমাদের বিশ্বের কেউ জিজ্ঞেস করবে না যে আমরা কিভাবে নিজেদের শক্তির ওপর ভিত্তি করে এগিয়ে চলেছি।
তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার করেছে। আমরা মুক্তিযুদ্ধে সাহায্য করেছি। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে কখনো বাংলাদেশের ভূমি ব্যবহার করিনি। পাকিস্তানের ৯০ হাজার সৈন্য আত্মসমর্পণ করার পর তাদের ফেরত দিয়েছে ভারত। ভারত তা করেছে বিশ্বশান্তির জন্যে। এই একটি ঘটনাই ভারতকে জাতিসংঘের স্থায়ী সদস্যপদ দেয়ার জন্যে যথেষ্ট।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য নরেন্দ্র মোদিকে মঞ্চে নিয়ে যান। তার হাতে ক্রেস্ট তুলে দেন ঢাবি উপাচার্য।























































