উন্নতমানের পাথর সংকট ও বর্ষার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ৯৯ কিঃমিঃ অংশসহ ফোরলেনের কাজে ধীরগতি বিরাজ করছে। এদিকে মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশে খানা-খন্দক ও কাজের ধীরগতির জন্য প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। রমজানে বেড়েছে জনদুর্ভোগ।
তিন দফা সময় ও নির্মাণ ব্যয় বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৩ হাজার ১৯০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে ফোরলেনের কাজ শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে সওজ কর্তৃপক্ষ। তবে বর্তমানে বিভিন্ন নির্মাণ সামগ্রীর সংকট ও সমস্যার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তিন বছরের মধ্যে সম্পন্ন করার ল্যমাত্রা নিয়ে ২০১০ সালের শেষের দিকে মহাসড়কের কাজ শুরু হওয়ার পর সোয়া চার বছরে কুমিল্লার দাউদকান্দির টোলপ্লাজা থেকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মোহাম্মদ আলী পর্যন্ত ৯৯ কিলোমিটার অংশে ৩টি প্রকল্পের অধীনে প্রায় ৭০ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ সম্পন্ন হয়েছে। কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কের মধ্যে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে ফেনির মহিপাল পর্যন্ত রয়েছে ৯৯ কিলোমিটার। এর মধ্যে ৫৯ কিলোমিটার সড়কের পাকাকরণের কাজ এবং সবগুলো ব্রিজ ও কালভার্টের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
হাইওয়ে পুলিশের সূত্রমতে, এই মহাসড়ক দিয়ে ব্যস্ততম দিনে গড়ে ২৪ হাজার যানবাহন চলাচল করছে।
এই মহাসড়কটিতে কাজের এ ধীরগতির কারণে ২০১৫ সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা নিয়ে বিভিন্ন মহলে সংশয় দেখা দিয়েছে। এদিকে মহাসড়কে ক্রমে বেড়েছে জনদুর্ভোগ। রমজান মাসে যানজট নিয়মিত দেখা দিচ্ছে , যার ফলে জনদুর্ভোগে পড়েছে চালক ও যাত্রীরা। তবে চলতি বছরের মধ্যেই ফোরলেনের কাজ শেষ করা যাবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
মহাসড়কের আলেখারচর বিশ্বরোড থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত ৪৫ কিঃ মিঃ সড়কে উন্নতমানের দামি পাথরের সংকট দেখা দেয়ার ফলে নির্মাণকাজে ধীরগতি রয়েছে। তবে এ অংশের ব্রিজ ও কালর্ভাটের কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। এ অংশের গৌরিপুর সড়কে খান্দা-খন্দক ও গর্ত সৃষ্টি হওয়ার কারনে নিয়মিত যানজট দেখা দিচ্ছে । এর ফলে মানুষের ভোগান্তি বাড়ছে।
বৃষ্টি আর পাথর সংকটের কারণে মহাসড়কের কাজের ধীরগতির ফলে ও মহাসড়কের পাশে ফোরলেনের নির্মাণ সামগ্রী পড়ে থাকায় মহাসড়কের চান্দিনা, গৌরিপুর, কাবিলা এলাকায় নিয়মিত যানজট দেখা দিচ্ছে। এর ফলে রমজান মাসে জনদুর্ভোগ দেখা দিয়েছে।
ফোর লেনের প্রকল্পের এ অংশের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জানান, মহাসড়কের এ অংশে ৩৪ কি.মি. সড়ক পাকাকরণ করা হয়েছে। কিন্তু উন্নত মানের পাথরের সংকট দেখা দেওয়ায় কাজে ধীরগতি বিরাজ করছে। তাছাড়া বর্ষার জন্যও কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পাথর কবে আনবে ঠিকাদাররা তা এখুনি বলা যাচ্ছে না।
মহাসড়কের আলেখারচর বিশ্বরোড থেকে চৌদ্দগ্রামের বাতিসা পর্যন্ত ৪১ কিঃ মিঃ সড়কের চার লেনের কাজ প্রায় ৭০% শেষ হয়েছে। এ অংশের ৭টি ব্রিজ ও ১৯ বাই ২৯ আকারের কালভার্টগুলোর কাজ সম্পন্ন হয়েছে। এ অংশে পাকাকরণ হয়েছে সাড়ে ২৮ কিঃ মিঃ সড়ক। সম্প্রতি পাকাকরণের কাজ বর্ষার কারণে বন্ধ রয়েছে। তাছাড়া উন্নতমানের পাথর সংকট তো রয়েছে।
ফোর লেনের এ অংশের নির্বাহী প্রকৌশলী মাসুম সারোয়ার জানান, বর্ষার কারণে পাকাকরণের কাজে সমস্যা হচ্ছে। বাকি অন্য কাজগুলো চলছে। উন্নতমানের পাথর সংকটের কারণে কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। গত আড়াইমাস ধরে ভারত থেকে পাথর আসা বন্ধ রয়েছে। এ অবস্থা চলতে থাকলে শুকনো মৌসুমেও কাজের ব্যাঘাত সৃষ্টি হবে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে।
উল্লেখ্য যে, কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত ১৯২ দশমিক ৩০ কিলোমিটার মহাসড়কটি দুই লেন থেকে চার লেনে উন্নতির প্রস্তাব ২০০৬ সালে একনেক অনুমোদন করে। প্রকল্প অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১৬৮ কোটি ৩৮ লাখ টাকা। ২০০৯ সালে ১১ জুন চার লেন প্রকল্পের ১০টি প্যাকেজের জন্য পৃথক দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ অধিদফতর। সবগুলো প্যাকেজে অংশ নিয়ে ৭ টিতেই সওজের প্রাক্কলনের চেয়ে কম দরের প্রস্তাব দিয়ে কাজ পায় চীনা ঠিকাদার প্রতিষ্ঠান চায়না সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড। বাকি তিনটি প্যাকেজের মধ্যে দুই ভাগের কাজ করছে দেশীয় রেজা কনস্ট্রাকশন ও এক অংশের কাজ করছে তাহের ব্রাদার্স লিমিটেড।
চার লেন প্রকল্পে ১৯২ কিলোমিটার সড়ক নির্মাণ ছাড়াও রেললাইনের ওপর দিয়ে ৩টি ফাইওভার, ২৮টি ব্রিজ, ৩৩টি স্টিল ফুট ওভারব্রিজ, ২টি আন্ডারপাস, ৫ মিটার মেডিয়ান (সড়ক বিভাজন), ১৯৫ টি বক্স কালভার্ট, এবং ৬১টি বাসস্টেশন নির্মাণের লক্ষ্যমাত্রা নেয়া হয়।
প্রাথমিকভাবে ২০১০ সালে চার লেনের কাজ শুরু হয়ে ২০১২ সালের জুনে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু আড়াই বছরে শেষ করার কথা থাকলেও সোয়া ৪ বছরে কাজের অগ্রগতি মাত্র প্রায় ৭০ শতাংশ। চার লেনে উন্নীতকরণের কাজে চায়না ঠিকাদার প্রতিষ্ঠানের ৭ প্যাকেজের কাজ হয়েছে প্রায় ২৪ শতাংশ। বাকি ৩ প্যাকেজের কাজ হয়েছে প্রায় ৪৪ শতাংশ।
সওজ সূত্র জানায়, ২০১০ সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হওয়ার পর তিন দফা সময় ও নির্মাণ ব্যয় বাড়ানো হয়। তিন দফায় প্রায় ১ হাজার ২২ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। ২০১০ সালের ২৭ জানুয়ারি ব্যয় বাড়িয়ে ২ হাজার ৩৮২ কোটি ১৭ লাখ টাকা নির্ধারণ করা হয়। ২০১২ সালের ১৮ ডিসেম্বর ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৪১০ কোটি ১৭ লাখ টাকা। ২০১৩ সালের ৩১ মার্চ ৩য় বার ৭৮০ কোটি ১২ লাখ টাকা বাড়িয়ে ৩ হাজার ১৯০ কোটি ২৯ লাখ টাকা নির্ধারণ করা হয়।
সর্বশেষ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৩ হাজার ১৯০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে ফোরলেনের কাজ শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে সওজ কর্তৃপক্ষ।
তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১৯২ কিলোমিটার এই মহাসড়কের নির্মাণ কাজ শেষ হলেও রেললাইনের ওপর দিয়ে ফাইওভার ও আন্ডারপাস নির্মাণ শেষ করে মহাসড়কটি ২০১৬ সালের জুনের আগে চালু করা সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।



























































