শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নগর উন্নয়নের নামে প্রকল্পের টাকা লুটপাট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০১৫

1_298052
নজরুল ইসলাম দুলালঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনে এখন চলছে নগর উন্নয়নের নামে প্রকল্পের টাকা হরিলুটের মহোৎসব। সিটি কর্পোরেশন গঠিত হওয়ার গত সাড়ে ৩ বছরেও এ নগরীতে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। দীর্ঘ এ সময়ে উন্নয়ন না হলেও খাল খনন, ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কারের নামে মেয়রের ফটোসেশন ছিল আলোচিত বিষয়। কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলেও অপরিকল্পিত কর্মকাণ্ড ও সিন্ডিকেট-নির্ভর নিুমানের কাজের কারণে এসব বরাদ্দ কার্যত নগরবাসীর দুর্ভোগ নিরসনে তেমন কোনো কাজে আসছে না বলে অভিমত প্রকাশ করেছেন নগরীর বিশিষ্টজনরা। এতে নগরীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা মূলত ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায় ড্রেনসহ রাস্তাঘাট। বড় বড় গর্তসহ খানা-খন্দে ভরা এসব সড়কে ঝুঁকি নিয়ে চলছে রিকশা থেকে শুরু করে ছোট-বড় যানবাহন। সূত্র জানায়, উন্নয়ন ও জলাবদ্ধতা দূরীকরণসহ জনদুর্ভোগ নিরসনের জন্য প্রাপ্ত বরাদ্দের সিংহভাগই ভাগ-বাটোয়ারা হয়েছে মেয়র-কাউন্সিলরসহ সরকারদলীয় ও বিএনপি’র ঠিকাদার সিন্ডিকেটের মাঝে। এতে বরাদ্দের সদ্ব্যবহার না হওয়ায় কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। ফলে গত সাড়ে ৩ বছরেও পাল্টায়নি কুমিল্লা সিটি কর্পোরেশনের চিত্র। নগরীর পুলিশ লাইন-কান্দিরপাড় সড়ক, ইপিজেড-দক্ষিণ চর্থা-বড়পুকুরপাড়-তালতলা চৌমুহনী সড়ক, দৌলতপুর-ধর্মপুর সড়ক, রাণীর বাজার সড়ক, অশোকতলা-রেলস্টেশন-শাসনগাছা সড়ক, ফৌজদারী-কালিয়াজুরী সড়ক, কান্দিরপাড়-ধর্মপুর চৌমুহনী সড়ক, শাসনগাছা-ধর্মপুর সড়ক, ধর্মপুর-অশোকতলা, মধ্যম আশ্রাফপুর ইয়াছিন মার্কেট সড়ক, মগবাড়ি-বিষ্ণপুর-ছোটরা সড়ক, সুজানগর-বিবির বাজার সড়কসহ নগরীর অধিকাংশ সড়কেরই বেহাল দশা। সামান্য বৃষ্টিতে বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত জলজটের সৃষ্টি হয়। এতে ড্রেনের ময়লা-আবর্জনাযুক্ত দুর্গন্ধময় পানি ঘরবাড়ি ও দোকান-পাটে ঢুকে পড়ে। জানা যায়, নগরীতে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও স্যুয়ারেজ না থাকায় এবং নিয়মিত ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ না করাসহ দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পুলিশ সুপারের বাসভবন এলাকা, স্টেডিয়াম, ঈদগাহ সড়কসহ নগরীর বেশিরভাগ সড়কই সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। এসব বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু জানান, জলাবদ্ধতা নিরসনে আমি নিজে মাঠে নেমে কাজ করছি। বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণের কাজ চলার কারণে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হলেও দ্রুত পানি সরে গেছে। রাস্তাঘাটের উন্নয়নে দরপত্র আহ্বান করা হয়েছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি