শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় খাসজমিতে বিপণিবিতান, সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৫

52597bdad35a87066c4337108624a656-11

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নগরের কান্দিরপাড়ে সরকারি জমি দখল করে সড়কের ওপর নির্মাণাধীন একটি বিপণিবিতান সরিয়ে নেওয়ার জন্য সিটি করপোরেশনকে সাত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ২৩ আগস্ট এ বিষয়ে করপোরেশনকে একটি চিঠি দেন।
সহকারী কমিশনারের চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে ভূমির দখল ছেড়ে দেওয়া না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদকে ওই চিঠি দেওয়া হয়। তিনি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
কুমিল্লা সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, ২০১৩ সালের ১৮ আগস্ট কুমিল্লা নগরের কান্দিরপাড় সড়কের ওপর এবং এর লাগোয়া অংশে কর্তৃপক্ষ ‘সিটি করপোরেশন মার্কেট’ নির্মাণের অনুমোদন দেন। ১৫ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৭২৫ টাকা ব্যয়ে ওই মার্কেট নির্মাণের কাজ পায় জামান অ্যান্ড কোম্পানি ও ইসলাম ট্রেডিং করপোরেশন।
সরেজমিনে দেখা গেছে, ১৮টি গাঁথুনির ওপর ওই মার্কেট দাঁড়িয়ে আছে। ভবনটির দোতলার বারান্দা সড়কের ওপর এসে গেছে। বর্তমানে ঝুঁকি নিয়েই ওই পথে পথচারী ও যাত্রীরা চলাচল করছেন। ইতিমধ্যে ওই ভবনের তৃতীয় তলার কাজ প্রায় শেষ।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘গত ২৩ আগস্ট আমরা চিঠি পেয়েছি। এখন নথিপত্র দেখে এর জবাব দেওয়া হবে। ১৯৫৬ সাল থেকে এই জায়গা সিটি করপোরেশনের দখলে আছে।’
সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন বলেন, তাঁর দায়িত্ব সরকারি খাসজমি রক্ষা করা। নির্ধারিত সময়ে ওই স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ মামলা করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি