শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেসিডেন্ট না-হলেও সরকারে নেতৃত্ব দেব আমিই : সু চি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৫

151105044634_myanmar_election_campaign_640x360_afp_nocredit

ডেস্ক রিপোর্টঃ

মায়ানমারের বিরোধী নেত্রী আং সান সু চি অঙ্গীকার করেছেন, সে দেশের আসন্ন নির্বাচনে তাঁর দল জিতলে তিনিই সরকারের নেতৃত্ব দেবেন – যদিও তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না।

মায়ানমারে আগামী ৮ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা হবে সে দেশে গত পঁচিশ বছরের মধ্যে প্রথম উন্মুক্ত নির্বাচন।

কিন্তু এই নির্বাচনে মিস সু চি-র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) যদি জেতেও, তাহলেও দেশের প্রেসিডেন্ট হওয়ার পথে তাঁর সাংবিধানিক বাধা রয়েছে।

মায়ানমারের সেনাবাহিনী যে সংবিধানের খসড়া তৈরি করেছে, তাতে বলা হয়েছে বিদেশি নাগরিককে বিয়ে করলে কেউ দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না।

আং সান সু চি-র প্রয়াত স্বামী ঐতিহাসিক মাইকেল অ্যারিস ছিলেন ব্রিটিশ নাগরিক, ফলে নতুন সংবিধান অনুযায়ী দেশের প্রেসিডেন্টর পদ মিস সু চি-র জন্যও রুদ্ধ।

কিন্তু এই পটভূমিতেও মিস সু চি আজ দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গনে ভাষণ দিতে গিয়ে বলেছেন এভাবে তাঁকে আটকানো যাবে না – কারণ ভোটে তাঁর দল জিতলে সরকার পরিচালনা করবেন তিনিই।

বিরোধী নেত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট হতে না-পারলেও নতুন সরকারের প্রধান হবেন তিনিই।

তবে পাশাপাশি একজন প্রেসিডেন্টকেও নিয়োগ করা হবে, যিনি ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি-র আদর্শ ও নীতি অনুসরণ করে কাজকর্ম চালাবেন।

মায়ানমার থেকে বিবিসির এক সংবাদদাতা বলছেন, আং সান সু চি-র এই বক্তব্যকে দেশের সেনাবাহিনীর উদ্দেশে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

তিনি আরও বলছেন, মিস সু চি-র এই বক্তব্যকে অসাংবিধানিক বলেও চিহ্নিত করা হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি