সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রে অনশনরত বাংলাদেশিদের জোর করে খাওয়ানোর নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৫

US-Bangladeshi-400x216

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রে অনশনরত বাংলাদেশি অভিবাসী বন্দীদের একটি দলকে সোমবার জোরপূর্বক খাওয়ানোর নির্দেশ দিয়েছে একজন ফেডারেল বিচারক।

ফ্লোরিডায় ২ ডিসেম্বর থেকে প্রায় তিন সপ্তাহ ধরে রাজনৈতিক আশ্রয় প্রার্থী ১০ বাংলাদেশি অভিবাসী অনশন ধর্মঘট পালন করে আসছেন।

সোমবারও তাদের সাতজন খাবার খেতে অস্বীকৃতি জানায়। পরে তাদের হুইল চেয়ারে করে আদালত কক্ষে আনা হয়। খবর: এপির।

যুক্তরাষ্ট্রের জেলা জজ সিসিলিয়া ইমিগ্রেশন ও কাস্টম ইনফোর্সমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটির এ সংক্রান্ত একটি আবেদন মঞ্জুর করেন।

এতে অনশন ধর্মঘটকারীদের স্বাস্থ্য নজরদারি করতে অনৈচ্ছিক রক্ত প্রদান ও অন্যান্য চিকিৎসা পদ্ধতির অনুমতি দেয়া হয়।

সোমবার বিচারক এসব বন্দীদের সংবরণ করতে এবং প্রয়োজনে নাক দিয়ে গ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে জোর করে খাবার খাওয়ে তাদের জীবন বাঁচানোর জন্য চিকিৎসা কর্মীদের নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, তাদের বাধ্য করে খাওয়ানো ছাড়া বাঁচিয়ে রাখা সম্ভব না।

এসময় দোভাষীর মাধ্যমে আবদুল আওয়াল (২১) জিজ্ঞেস করেন, আমাদের কতসময় তারা জোরপূর্বক খাবার খাওয়াবে? আমরা মরতে ইচ্ছুক।

বন্দী কেন্দ্রে কর্তব্যরত এক চিকিৎসক ডেলিয়েন কারাব্যাল্লো জানান, পরীক্ষা করে দেখা গেছে তাদের আশু কোন বিপদের সম্ভাবনা নেই। তবে যদি তারা অনশন ধর্মঘট অব্যাহত রাখে তাহলে তারা কিছু ঝুঁকির মধ্যে পড়বে এবং স্থায়ীভাবে স্বাস্থ্য জটিলতায় ভুগবে।

কারাব্যাল্লো আরও জানান, অনশন ধর্মঘটরত ৭ জনেরই শরীরের ওজনের ১৫ শতাংশ কমে গেছে।

তাদের শিরায় খাবার প্রদানের চেয়ে গ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে নাক দিয়ে পুষ্টি জাতীয় তরল খাবারের উপাদান প্রয়োগ বেশি আরামদায়ক হবে বলে তিনি জানান।

আওয়াল বলেন, বাংলাদেশের অবস্থা বিবেচনা করে আমি এবং অন্যান্য বন্দীরা যুক্তরাষ্ট্রের সুবিধা চেয়েছি। যদি আমাদের ফেরত পাঠানো হয় তাহলে আমরা মৃত্যুর ঝুঁকি নিতেও প্রস্তুত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি