মুদ্রাপাচার প্রতিরোধে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে আরো সুদৃঢ় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং-এপিজি।
সংস্থাটির প্রতিনিধি দলের বাংলাদেশ সফর শেষে পাঠানো প্রাথমিক মূল্যায়নে জানিয়েছে, আইন ও বিধি-বিধানের দিক থেকে বাংলাদেশের অবস্থান উন্নত বিশ্বের দেশ অস্ট্রেলিয়ার চেয়েও ভালো।
আর আইনের বাস্তবায়নের দিক থেকে বাংলাদেশের অবস্থান শ্রীলঙ্কা-সহ আশপাশের দেশগুলোর চেয়ে ওপরে। তবে, সংস্থাটির বাংলাদেশের বীমা, পুঁজিবাজার ও এনজিওগুলোর সুপারভিশন এবং দুদকের সক্ষমতা নিয়ে রয়েছে সংশয়।
আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল এ্যাকশন টাস্কফোর্স-এফএটিএফ এর এশিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করে এপিজি। গত ১১ থেকে ২১ অক্টোবর বাংলাদেশ সফর করে এপিজির সরেজমিন মূল্যায়নকারী প্রতিনিধি দল। চলতি মাসের প্রথম সপ্তাহেই তারা বাংলাদেশের ওপর একটি খসড়া মূল্যায়ন প্রতিবেদন পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্ট ইউনিটের কাছে। যেখানে জানানো হয়েছে, মুদ্রাপাচার প্রতিরোধে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে অনেক ভালো।
প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রণয়নের মতো টেকনিক্যাল কমপ্লায়েন্স রেটিংয়ে বাংলাদেশের অবস্থান অস্ট্রেলিয়ার চেয়েও ওপর আর সর্বশেষ মূল্যায়ন অবস্থান ২০১৩ সালের চেয়ে অনেক সুদৃঢ়। ২০১৩ সালে বাংলাদেশের পুরোপুটি পরিপালন ছিল মাত্র ১টি, বর্তমানে সেটা বেড়ে হয়েছে ৫টি, পরিপালন ৫টি থেকে বেড়ে হয়েছে ২১টি আর পরিপালন হয়নি এমন সংখ্যা ২৯টি থেকে কমে হয়েছে মাত্র ৪টি।
তবে এপিজির খসড়া মূল্যায়নে বাংলাদেশের কিছু ঘাটতির সুষ্পষ্ট উল্লেখ করা হয়েছে। তারমধ্যে বীমাখাত, পুঁজিবাজার, এনজিওখাতে বাংলাদেশের এখনো সুপারভিশন ঘাটতি রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আর সক্ষমতার অভাব রয়েছে দুর্নীতি দমন কমিশনের।
সংস্থাটির ২০১৩ সালের মূল্যায়নে বাংলাদেশের অবস্থান ছিলো ঝুঁকিপূর্ণ। যা চিহ্নিত করা হয় গ্রে এরিয়া হিসেবে। এবারের প্রতিবেদন অনুযায়ী, ধূসর তালিকায় ঠাই হওয়ার কোন সম্ভাবনা নেই বলে মনে করেন বিএফআইইউ এর প্রধান।
খসড়া প্রতিবেদনের ওপর বিএফআইইউ গত মঙ্গলবার তাদের মতামত পাঠিয়েছে। এর আলোকে বাংলাদেশের অবস্থান আরো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

























































