শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রিঙ্গিতের মূল্য কমায় মালয়েশিয়ায় হতাশায় বাংলাদেশিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৬

reuters
ডেস্ক রিপোর্টঃ

কয়েক মাস ধরে ক্রমাগতদভাবে রিঙ্গিতের মূল্য কমে যাওয়া এবং দ্বিগুণ হারে বাৎসরিক কর বাড়ানোর ফলে হতাশা বিরাজ করছে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে।

সংশ্লিষ্টরা বলছেন, বাৎসরিক করের বোঝা অস্বাভাবিক হারে বাড়ানোর কারণে এখন তা প্রবাসী শ্রমিকদের ওপর যেন মড়ার ওপর খাড়ার ঘাঁ।

বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে কয়েকজন শ্রমিক জানান, বাংলাদেশে আগের মতো টাকা পাঠাতে পারি না। মাত্র এক বছরের ব্যবধানে রিঙ্গিতের মূল্য ৮ টাকা পড়ে গেছে। আগে মালয়েশিয়া থেকে ৫০০ রিঙ্গিত বাড়িতে পাঠালে সাড়ে ১২ হাজার টাকা পাওয়া যেতো। এখন একই অংকের রিঙ্গিতে আসে ৮ হাজার ৩০০ টাকা। কিন্তু এখন প্রতিমাসে আরো বাড়তি কর হিসেবে ১০৪ রিঙ্গিত, অর্থাৎ ১ হাজার ৭৬৮ টাকা কেটে রাখবে মালিকপক্ষ। আগে প্রতিমাসে ১১৫০ রিঙ্গিতের বেতন থেকে ১০৪ রিঙ্গিত কেটে রাখা হতো। এখন থেকে ২০৮ রিঙ্গিত কেটে রাখা হবে। ফলে মাসে ৯৪২ রিঙ্গিত বেতন পাবে একজন শ্রমিক। এতে মাসে ১৮ হাজার টাকাও হয় না। এই বেতন দিয়ে নিজে কিভাবে চলবো, আর বাড়িতেই বা কি পাঠাবো!

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিকদের ওপর নতুন করারোপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ম্যানুফাকচারিং এবং কনস্ট্রাকশন শ্রমিকদের বাৎসরিক কর দিতে হবে ২৫০০ রিঙ্গিত। যা আগে ছিল ১২৫০ রিঙ্গিত। যদিও কর চুক্তিবদ্ধ কোম্পানির দেওয়ার কথা, কিন্তু তা আমাদের বেতন থেকেই কেটে রাখা হচ্ছে।

এ প্রসঙ্গে মালয়েশিয়ার শিল্প মালিকদের সংগঠন এবং মানবাধিকার সংগঠনগুলো এই কর বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনা করে বলছে, এ ধরনের সিদ্ধান্তের কারণে শ্রমিকরা দাসে পরিণত হবেন এবং কারখানার উৎপাদন ও বাজারেও এর বিরূপ প্রভাব পড়বে।

মাস্টার্স বিল্ডার্স অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার ডেপুটি প্রেসিডেন্ট ফু চেক লি বলেন, এ কর বৃদ্ধির কারণে মালয়েশিয়ায় নির্মাণ কাজে বিদেশি শ্রমিকরা আসতে চাইবেন না। শুধু নির্মাণ শিল্প নয়, কর বৃদ্ধির প্রভাব সড়ক যোগাযোগ, কাঁচামাল, সেবা এবং ম্যানুফেকচারিংয়েও পড়বে।

এদিকে বুধবার এসব বিষয় নিয়ে কুয়ালালামপুরে মালয় কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশন, গিল্ড অব ভূমিপুত্রা কন্ট্রার্ক্টস, মালয়েশিয়ান অ্যান্ড ইন্ডিয়ান কন্ট্রার্ক্টস এবং মালয়েশিয়ান এয়ার-কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন অ্যাসোসিয়েশন যৌথ সংবাদ সম্মেলন করে।

এতে ফু চেক লি বলেন, সরকার চাইলে অবৈধ শ্রমিকদের বৈধতা দিয়েই ৫০ লাখ রিঙ্গিত রাজস্ব আদায় করতে পারে। একদিকে কর বৃদ্ধি, অন্যদিকে বেতন কমে যাওয়ায় বিদেশি শ্রমিকরা চুক্তিভিত্তিক দাসে পরিণত হবে।

সংস্থাটি বলছে, ২০১৩ সালে শ্রমিকদের বেতন থেকেই মালিকদের কর সংগ্রহের কথা বলা হয়েছিল। কিন্তু হঠাৎ করে কর হার দ্বিগুণ করায় কড়া সমালোচনা করেছে মালয়েশিয়ার ৫৫টি স্থানীয় ব্যবসায়ী সংগঠন। অর্থনৈতিক মন্দাবস্থায় এ ধরনের বাড়তি চাপ ব্যবসায় বিরূপ প্রভাব ফেলবে বলেও মনে করছেন তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি