কুমিল্লায় এক কোটি ২৩লাখ ২৪হাজার ৯৫৬ টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের এক পরিদর্শককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা। বুধবার দুপুরে নগরীর উজির দিঘির পাড়ের বাসা থেকে পরিদর্শক আবু সালেহ মাহমুদকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা সদর উপজেলার গাজীপুর গ্রামের আবদুর রশিদ মাহমুদের ছেলে। দুদক কুমিল্লার সাবেক উপ-পরিচালক সহিদ উল্লাহ ২০১৫ সালের ২ জুলাই তার বিরুদ্ধে বিভিন্ন গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
দুদক কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচাল ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, আবু সালেহ মাহমুদ কুমিল্লা কৃষি ব্যাংক শাখায় ২০০৯সালের ২৬ অক্টোবর থেকে ২০১৩সালের ৭মার্চ পর্যন্ত কর্মরত থাকাকালীন সময়ে বিভিন্ন গ্রাহকের একাউন্ট থেকে ভুয়া বিল বাউচার দেখিয়ে এক কোটি ২৩লাখ ২৪হাজার ৯৫৬ টাকা আত্মসাত করেন। পরে তিনি স্বেচ্ছায় অবসরে চলে যান। বিষয়টি টের পেয়ে দুদক মামলা দায়ের করেন। দুদক কুমিল্লার বর্তমান উপ-পরিচালক আবুল কালাম আজাদ মামলার তদন্ত করেন। মামলা চলমান রয়েছে। তবে আসামি পালিয়ে যাওয়ার আশংকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিকালে কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক বেগম জয়নাব বেগম তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


















































