স্টাফ রিপোর্টারঃ
অস্ত্র আইনের মামলায় কুমিল্লা জেলা ছাত্রদল নেতা এস.এম আশিকুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল আদালত। তবে আসামি আশিকুল ইসলাম পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে আরো একটি মামলা বিচারাধীন রয়েছে।
২৮ এপ্রিল দুপুরে অত্র আদালতের বিচারক মোঃ নূরুল আমিন এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবি ছিলেন পিপি এড. মোঃ মজিবুল হক।
সাজাপ্রাপ্ত আসামি এস.এম আশিকুল ইসলাম (৩১) কুমিল্লা নগরীর ডিগাম্বরীতলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৫ ডিসেম্বর বিকেল পৌণে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র লুকিয়ে রাখার খবর পেয়ে পুলিশের একটি টহল টিম এস.এম আশিকুল ইসলামের বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় আশিকুল ইসলাম একটি পলিথিনে পেচিয়ে দেশীয় তৈরি পাইপগান ঘরের জানালা দিয়ে বাইরে ফেলে। পুলিশ তা দেখতে পেয়ে উদ্ধার করে। আশিকুল ইসলাম ও পলাশকে গ্রেফতার করা হয়। ওই রাতেই পুলিশ বাদি হয়ে আশিকুল ইসলাম ও পলাশের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ৩৭ দিন কারাবরণ শেষে জামিনে আশিকুল ইসলাম বের হয়ে আত্নগোপনে চলে যান। চলতি বছরের (২০১৬ সাল) ১৮ এপ্রিল আদালতে ১২ জনের স্বাক্ষ্যগ্রহণ নেওয়া হয়। ২৮ এপ্রিল আদালত এ রায় প্রদান করেন। আসামি গ্রেফতার হওয়ার পর থেকে এ সাজা কার্যকর হবে।
উল্লেখ্য যে, আসামি এস.এম আশিকুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী সংশোধন আইনে আরো একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
জানা যায়, ২০১৩ সালের ২৮ অক্টোবর ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে বেলা সোয়া ১২ টার দিকে সদরের তেলিকোনা চৌমুহনী মোড়ে আ’লীগের হরতাল দলীয় মিছিল আসার সময় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা ওই সময় আ’লীগের হরতাল বিরোধী মিছিলের নেতাকর্মী ও পুলিশকে লক্ষ্য করে হাত বোমা ককটেল বিস্ফোরণ করে এবং দোকানপাট ভাংচুর করতে থাকে। ওই ঘটনায় বিস্ফোরক আইন ও পুলিশের কাজে বাধাঁ দেওয়ার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০/২০০ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় এস.এম আশিকুল ইসলাম ১৩ নম্বর আসামি।
উল্লেখ্য যে, এস.এম আশিকুল ইসলাম ১৯৯৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রসংসদের খেলাধুলা বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ২০০৭-০৮ সালে কিছুদিন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে বর্তমানে তিনি দলের সব ধরনের কর্মকান্ড থেকে বিরত আছেন। বিভিন্ন সূত্রমতে, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোতে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তিনি আত্নগোপনে রয়েছেন।


















































