ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
ঈদে বাড়ি ফিরে আসার ইচ্ছায় পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় কেনাকাটাও করেছিলেন। কিন্তু ঈদ আসার আগেই না ফেরার দেশে চলে গেলেন রিপন।
সৌদি আরবে তায়েফ থেকে কাজ শেষে রিয়াদে ফেরার সময় সোমবার (২৭ জুন) রাতে সড়ক দুর্ঘটনায় মারা যান রিপন। তিনি নাঙ্গলকোট উপজেলার ছর জামুরাইল গ্রামের মিজানুর রহমানের ছেলে।
নিহত রিপনের ভাই শিপন বললেন, ঈদের আগেই ভাই দেশে ফিরে আসতে চেয়েছিলেন। সেজন্য তিনি সবার জন্য কেনাকাটাও করেছিলেন। কিন্তু এরকম হয়ে যাবে তা তো আমরা ভাবতেও পারি নাই।
নাঙ্গলকোট উপজেলার ছর জামুরাইল গ্রামের রিপনের বাড়িতে চলছে শোকের মাতম। ডাকাতিয়া নদীর পাড়ে রিপনের বাড়িতে সরেজমিন দেখা যায়, রিপনের বাবা মিজানুর রহমান ছেলের জন্য কান্নাকাটি করছেন।
তিনি জানান, ৬ বছর আগে রিপন বিদেশ গিয়েছিলো। সেই ছেলে এখন লাশ হয়ে দেশে ফিরবে, একথা তিনি কখনও ভাবেন নি।
তিন ভাই ও দুই বোনের মধ্যে রিপন সবার ছোট। দুই ভাই বেকার। ঈদের আগে তার বাড়ি আসার কথা ছিলো। বিমানবন্দর থেকে গাড়ি করে তাকে বাড়িতে নিয়ে আসার জন্য রিপন তার বাবাকে বলেছিলেন। তার জন্য বিয়ের প্রস্তুতিও চলছিল বাড়িতে। বিয়ের জন্য পাত্রীও দেখা হচ্ছিলো। আর এরই মধ্যে সব শেষ।


















































