ডেস্ক রিপোর্টঃ
মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহামেদ মুরসির ২০ বছরের কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত।
চূড়ান্ত রায়ে শনিবার বিষয়টি নিশ্চিত হয় বলে দেশটির বিচার বিভাগীয় একটি সূত্র জানিয়েছে।
২০১২ সালে সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ এনে মুরসিকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেওয়া হয়।
মুরসিকে দেওয়া চারটি দণ্ডের মধ্যে এই প্রথম কোনো দণ্ডের সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। এই দণ্ডের বিরুদ্ধে তিনি আর আপিল করতে পারবেন না।
তৎকালীন ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুডের অন্য বেশ কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিকের বিরুদ্ধেও ২০ বছরের কারাদণ্ড নিশ্চিত হয়েছে। এদের মধ্যে মোহামেদ এল- বেলতাগি এবং এসাম এল-এরিয়ানও রয়েছেন।
মিশরের প্রথম অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন ব্রাদারহুডের মুরসি। কিন্তু ২০১৩ সালে গণঅসন্তোষের সুযোগ নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে মিশরীয় সেনাবাহিনী।
এরপর মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালায় সেনা-সরকার। এক পর্যায়ে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মুরসি ছাড়াও সংগঠনটির হাজারা হাজার নেতাকর্মী কারাবন্দি আছেন। বিভিন্ন অভিযোগে এদের অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স

























































