শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদি বাদশাহর গোপন বিলাস জীবন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৬

270102_1

ডেস্ক রিপোর্টঃ

সৌদি অর্থনীতির অবস্থা এখন আর আগের মতো সুবিধাজনক স্থানে নেই। অর্থনৈতিক সংস্কারের কারণে দীর্ঘদিনের একচেটিয়া তেল ব্যবসা থেকে সরে এসে ভিন্নখাতে অর্থনীতি বিকাশের দিকে যেতে হচ্ছে যে দেশকে, সেই দেশের আলঝেইমারে আক্রান্ত বাদশার বিলাসবহুল জীবন কিন্তু থেমে নেই।

মরক্কোর সমুদ্রতীরবর্তী টানজিয়ার শহরে সকলের অগোচরে সৌদি বাদশার জন্য নির্মিত হয়েছে বিলাসবহুল প্রাসাদসহ নানান ব্যবস্থা। গত অক্টোবর মাসে স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবিতে বাদশার বিলাসবহুল ব্যবস্থার কিছু নমুনা দেখতে পাওয়া যায়। সেখানে নতুন নির্মিত দুটি হেলিপ্যাড, কয়েকটি অতিরিক্ত দালান, সার্কাসের মতো বিশাল তাবুও আছে।

বলা হচ্ছে মরক্কোর এই ভিলা সৌদি বাদশা সালমানের খুবই পছন্দের স্থান। পুরো কমপ্লেক্সটি ১৫০০ মিটার উঁচু দেয়াল দিয়ে বেষ্টিত। এছাড়াও কমপক্ষে ৩০ জন বিশ্বস্ত প্রহরী রয়েছেন যাদের সকলেই মরক্কোর বংশোদ্ভুত। এর বাইরে বাদশার নিজের জন্য রয়েছে বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা ও বিশাল রসুই ঘর।

গত গ্রীস্মে প্রায় সকলের অজান্তেই বাদশা সালমান একবার এসেছিলেন এই ভিলায়। তৎকালীন সময়ে তার সঙ্গে প্রায় একশ গাড়ি এসেছিল এবং সেই গাড়িগুলো অপেক্ষা করছিল মূল ফটকের বাইরে। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস সৌদি বাদশার এই গোপন ভিলার ছবি প্রকাশ করে। সেখানে নতুন করে কিছু দালান নির্মান হচ্ছে এমনও দেখা গেছে।

এই ঘটনা জানাজানি হলে সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনস আল কুসায়ের এক বিবৃতিতে জানান যে, মরক্কোয় ভিলা নির্মানে যে ব্যয় হয়েছে তা সৌদি সরকারের কোষাগার থেকে দেয়া হয়নি। বাদশার ব্যক্তিগত তহবিল থেকে এই ব্যয় দেয়া হয়েছে।

ক্রিসমাসের মাত্র দুইদিন আগেই এক বক্তব্যে বাদশাহ সালমান তার দেশের নতুন অর্থনৈতিক সংস্কারকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। তেলের দাম কমে যাওয়াকে তিনি কষ্টকর বলেও অভিহিত করেন। তিনি তখন বলেন, “রাষ্ট্র আজ এই পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। অর্থনীতির নানান স্থানে এই সংস্কারের কারণে কিছুক্ষেত্রে কষ্টকর অভিজ্ঞতার সৃষ্টি হচ্ছে কিন্তু এর মূল উদ্দেশ্য হলো দেশকে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে না দেয়া।”

নিউজবাংলাদেশ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি