ডেস্ক রিপোর্ট : পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, নওয়াজ শরীফ গত ৩০ বছরে এত বেশি দুর্নীতি করেছেন যে, দূর্নীতিতে তিনি অভিজ্ঞ হয়ে উঠেছেন। রোববার দেশটির বাহাওয়ালপুরে এক জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন। খবব এক্সপ্রেস নিউজ উর্দুর।
ইমরান খান বলেন, নওয়াজ শরীফ তার মেয়ে মরিয়ম নওয়াজের নামে প্রোপার্টি তৈরি করেছেন। এর সব কিছু চুরির টাকা দিয়ে করেছেন। ১৯৯৯ সালে তার ছেলে অর্থ চুরি করে বিদেশে চলে গেছে। এর মাত্র দু’বছরের মাথায় কোটি কোটি টাকার মালিক বনে যায় সে। এসব কিভাবে হলো? সে তো তখন শিক্ষার্থী ছিল!
ইমরান খান আরও বলেন, নওয়াজ শরীফ ৩০ বছরের অভিজ্ঞ দুর্নীতিবাজ। তার দুর্নীতি বিষয়ে কেউ কিছু জানতে পারে না। মিথ্যা বলতে বলতে নিজের ‘ক্লিনমুড’ পর্যন্ত পাল্টে ফেলেছে। তবে, পানামা কেলেঙ্কারি মামলা সামনে আসার পর নওয়াজ শরীফ আল্লাহর হাতে ধরা পড়ে গেছেন!
তিনি বলেন, পানামা কেলেঙ্কারি বিষয়ে ন্যায় বিচার হলে আর কোনো শক্তি দেশের টাকা চুরি করার সাহস করবে না। এতে পাকিস্তান বদলে যাবে। তিনি বলেন, আমরা শুরু থেকেই এর প্রতিবাদ করে আসছি।

























































