শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা-ডাকাতি রোধে অবদান রেখেছিলেন পুলিশ কর্মকর্তা আলী আশরাফ


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা-ডাকাতি রোধে অবদান রেখেছিলেন পুলিশ কর্মকর্তা আলী আশরাফ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৭

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলোচিত পুলিশ কর্মকর্তা মো. আলী আশরাফ ভূঁইয়া। বিগত সময়ে বিএনপি-জামায়াতের দেশব্যাপী অবরোধ চলাকালে মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতা প্রতিরোধসহ ক্লু-হীন মামলার রহস্য উদঘাটনেও তিনি রেখেছেন অসামান্য ভূমিকা। অপরাধ নির্মূলে তার নেতৃত্বে তৈরি হয়েছিল জেলা পুলিশের টিম-স্পিরিট।

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি চট্টগ্রাম রেঞ্জে ৪ বার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার এবং ২০১৫ সালে কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক সেরা সরকারি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। এতে পুলিশ প্রশাসন ছাড়াও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক এবং বিজিএমইএ ও বিকেএমইএ’সহ বিভিন্ন মহলে তিনি বেশ সমাদৃত হয়েছেন।

জানা যায়, ২০১২ সালের ৯ জুলাই মো. আলী আশরাফ ভূঁইয়া কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগ দেন। টানা সাড়ে ৪ বছরের দায়িত্বপালনকালে তিনি অনেক ক্লু-হীন ও দুর্ভেদ্য হত্যাকান্ডের  রহস্য উদঘাটন, মহাসড়কের কুমিল্লার ৯৭ কিলোমিটার অংশের নিরাপত্তায় আইপি ক্যামেরা স্থাপন, অপহরণ, ডাকাতি, অস্ত্র উদ্ধার, মহাসড়কে পেট্রোল বোমা ও নাশকতাসহ জেলার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এসময়ে বিশেষ করে মহাসড়কে ‘ডাকাতের আতংক’ হিসেবে তাঁর খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। মহাসড়কে ডাকাত দলের হাতে লুণ্ঠিত প্ল্যান্টালোন গার্মেন্টস, ইদু মিয়া ট্রান্সপোর্ট, অনিকা ট্রান্সপোর্ট, বাদশাহ গ্রুপসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন মামলায় প্রায় ৩০ কোটি টাকার মালামাল তাঁর নেতৃত্বে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিলেট, ভৈরব, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উদ্ধার হয়েছে। এসব ডাকাত দলকে অগ্রিম টাকা দিয়ে উঁচু স্তরের কিছু অসাধু ব্যবসায়ী ডাকাতি সংঘটিত করাতো- এমন চাঞ্চল্যকর তথ্যও তিনি উদঘাটন করেছিলেন এবং এ ধরনের সংঘবদ্ধ ১১টি ডাকাত দলকে নির্মূল করেন। মহাসড়কে টানা দেড় বছরের অভিযানে সংঘবদ্ধ ১১০ জন সশস্ত্র ডাকাত গ্রেফতার করা হয়েছে। এছাড়া কুমিল্লা মহানগরসহ জেলার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীসহ দুর্ধর্ষ অপরাধীদের গ্রেফতারে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি পর্যায়ক্রমে ৪ বার চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালে ডিজিটাল উদ্ভাবনী মেলায় কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক সেরা সরকারি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি