স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৮) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে একই গ্রামের ইব্রাহীম (২০) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) ভোররাতে নবীপুর পূব ইউনিয়নের গকুলনগর গ্রাম থেকে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। দুপুরে থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ইব্রাহিম একই গ্রামের ইউছুফ মিয়ার ছেলে ।
স্থানীয় সুত্র জানায়, উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামে গকুলনগর নিবাস কিন্টারগার্ডেন স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী রবিবার সন্ধ্যায় পালা গানের অনুষ্ঠানে গেলে একই গ্রামের ইব্রাহীম প্রলোভন দেখাইয়া তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর বাবা রাত সাড়ে ৭টার দিকে ইব্রাহীমের বাড়ির সামনে ওই ছাত্রীকে কান্নাকাটি করছে দেখতে পেয়ে তাকে কান্নার কারন জিজ্ঞাসা করলে মেয়েটি তার বাবাকে ধর্ষনের বিষয়টি জানায়।
এ বিষয়ে রবিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষিতার মা দীনা বেগম বাদি হয়ে রাত সাড়ে ১১টায় মুরাদনগর থানায় একটি মামলা করেন।
পরে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্ত যুবককে আটক করে। মেয়েটিকে উদ্ধার করে মেডিকেল চেকআপ করার জন্য সোমবার সকালে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, প্রাথমিকভাবে ধর্ষক ধর্ষনের কথা স্বীকার করেছে। ধর্ষক ইব্রাহীমকে আটক কুমিল্লা জেলহাজতে প্রেরন করা হয়েছে।


















































