শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আগামী ইলেকশন জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার নির্বাচন’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

আগামী নির্বাচন জাতীয় পার্টির (জাপা) জন্য অগ্নি-পরীক্ষা মন্তব্য করে দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, এ নির্বাচন হচ্ছে জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার নির্বাচন।

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন। ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে জাতীয় ছাত্র সমাজ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এরশাদ বলেন, ‘আগামী নির্বাচন আমাদের জন্য বিরাট পরীক্ষা।  এই নির্বাচন ক্ষমতায় যাওয়ার নির্বাচন।’

ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমোদের প্রতিটি কেন্দ্র দখল মুক্ত রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সেভাবে এখন থেকেই প্রস্ততি নাও।’

দেশে চলমান অবস্থা তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, ‘রাজপথে চলার মতো পরিবেশ নেই। কথা বলার স্বাধীনতা নেই, বাঁচার অধিকার নেই। আমরা এমন দেশ চাই না। অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা। অনেক প্রতিশ্রুতি দিয়েছি মানুষের কাছে। এটা কী পালন করেত পেরেছি?’

‘আমরা প্রত্যাশা করেছিলাম, শান্তিপূর্ণভাবে দেশ গড়ে উঠবে, দুইদিন পর পর শুনি জঙ্গিবাদের উত্থান, মানুষ মরে, ‍গুলিতে আহত হয়। দুইদিন ধরে সিলেটে কি হচ্ছে তা আমরা দেখছি। শান্তিপূর্ণ বাংলাদেশ এখন নাই্।’

বাংলাদেশ এখন সংঘাতের দিকে এগিয়ে চলছে মন্তব্য ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, এটা আমরা চাইনি, আমরা চেয়েছিলাম সুষ্ঠু গণতন্ত্র। যা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। এখন পরস্পরের প্রতি সহনসীলতা কিংবা কোনো শ্রদ্ধাবোধও নেই।

জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ মো. ইফতেখার আহসান হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতি, ফখরুল ঈমাম, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিরু।

27.03.2017/ Choity



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি